নেত্রকোনায় স্বামী-স্ত্রীর মৃতদেহ উদ্ধার

 নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৬-০৭ , ০২:৫৪ পিএম

নেত্রকোনায় স্বামী-স্ত্রীর মৃতদেহ উদ্ধার ছবি: ইন্টারনেট

নেত্রকোণা সদরের চল্লিশা ইউনিয়নের দড়িজাগী গ্রামে নিজেদের বাড়ি থেকে থেকে স্বামী-স্ত্রীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৭ জুন) সকাল এগারোটার দিকে তাদের ঘরের ভিতরে ঝুলন্ত লাশ ও বিছানা থেকে মৃতদেহ উদ্ধার করে।

পুলিশ জানায়, নেত্রকোণা সদরের দড়িজাগী গ্রামের নূরে আলম উজ্জ্বল (৪৫) এর ঝুলন্ত লাশ ও বিছানা থেকে তার স্ত্রী রুবি আক্তার (২৫) এর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের লাশ উদ্ধার করে। লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

নেত্রকোণা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার এসএম আশরাফুল আলম জানান, উজ্জ্বলের অতিরিক্ত ঋণ ছিল। সেই সাথে প্রায় বিশ বছরের সংসারে কোনও সন্তান না থাকায় দাম্পত্য কলহ থেকে এ ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনা তদন্তের পর সঠিক কারণ জানা যাবে বলেও জানান তিনি।