ঈদের পর খুলছে আল-আকসা মসজিদ

 আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ২০২০-০৫-২১ , ১১:৫৫ এএম

ঈদের পর খুলছে আল-আকসা মসজিদ জেরুজালেমের আল-আকসা মসজিদ

পবিত্র ঈদুল ফিতরের ছুটির মুসল্লিদের জন্য পুনরায় উন্মুক্ত হবে জেরুজালেমের আল-আকসা মসজিদ।  আগামী সপ্তাহ থেকে মসজিদে নামাজ আদায় শুরু হবে বলে জানিয়েছেন মসজিদের কাউন্সিল অব ইসলামিক ওয়াকফ।

করোনা ভাইরাসের বিস্তার রোধে ১৫ মার্চ ধর্মীয় কর্তৃপক্ষ আল-আকসা মসজিদ ও ডোম অব দ্য রক বন্ধ করে দেয়। এর এক সপ্তাহ পর আল-আকসার বহিরাঙ্গনেও মুসল্লিদের জমায়েত হওয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

এক বিবৃতিতে কাউন্সিল অব ইসলামিক ওয়াকফ জানায়, আগামী শনিবার বা রবিবার মুসলমানদের ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। এরপরই আল-আকসা মসজিদের বহিরাঙ্গন নামাজের জন্য খুলে দেয়া হবে।

তবে আল-আকসা ও ডোম অব দ্য রকের ভেতরে মুসল্লিদের প্রবেশ করতে দেয়া হবে কি না, সে ব্যাপারে কর্তৃপক্ষ কিছু জানায়নি। পরবর্তী সময়ে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে ফিলিস্তিনের ধর্মীয় কর্মকর্তারা।
এদিকে করোনা মহামারীর কারণে বিশ্বের নানা প্রান্তে বসবাসকারী মুসলমানদের ঈদুল ফিতরের নামাজ ঘরে আদায়ের আহ্বান জানিয়েছেন সৌদি আরবের গ্র্যান্ড মুফতি শেখ আবদুল আজিজ আল শেখ। মিসরের আল আজহার বিশ্ববিদ্যালয়ের শরিয়া কাউন্সিলও একই মত দিয়েছে।