সিলেটে তেলের লরি বিস্ফোরণে ২জন নিহত

 নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৫-১৫ , ১১:২৩ এএম

সিলেটে তেলের লরি বিস্ফোরণে ২জন নিহত ছবি: সিটিজেন নিউজ

সিলেটের দক্ষিণ সুরমায় তেলের লরি বিস্ফোরণে ২জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন। বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে সিলেট মহানগর পুলিশের মোগলা বাজার থানাধীন কুচাই এলাকার মা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের সামনে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেন পুলিশ।

নিহতরা হলেন- কুচাই এলাকার বাসিন্দা ওয়ার্কশপের কর্মচারী কমল ও ওয়ার্কশপের মালিক ও লড়িটির চালক মনির মিয়া।

খবর পেয়ে দমকল বাহিনী সিলেটের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভান এবং মরদেহগুলো উদ্ধার করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, পদ্মা কোম্পানির একটি তেলের গাড়ি ওই এলাকায় স্থানীয় মা ওয়ার্কশপে নিয়ে গাড়ির ভেতরে ঢুকে ওয়েল্ডিং (ঝালাই) করার সময় আগুন ধরে যায়। এতে দুইজন নিহত জন। আরেকজন গুরুতর আহতকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সিলেট ফায়ার সার্ভিস এর পরিচালক কোবাদ আলী সরকার জানান, গাড়ির ভেতরে মেরামত করতে গিয়ে ওয়েলডিংকালে বিদ্যুতের শর্টসার্কিট থেকে দুর্ঘটনায় একজনের মরদেহ গাড়ির বাইরে ছিটকে পড়ে। আরেকজনের মরদেহ গাড়ির ভেতর থেকে বের করা হয়।

মোগলাবাজার থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন বলেন, পদ্মা ওয়েলের গাড়িটি মেরামত করতে গিয়ে ওয়েল্ডিং করার সময় বিদ্যুতের শর্ট সার্কিট থেকে এ দুর্ঘটনা ঘটে। এ ছাড়া গাড়িতে গ্যাস জমেছিলো বলে ধারণা করা হচ্ছে।