দুই জেলায় বজ্রাঘাতে স্কুলছাত্রী ও কৃষকের মৃত্যু

 নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৪-৩০ , ০৩:০৩ পিএম

দুই জেলায় বজ্রাঘাতে স্কুলছাত্রী ও কৃষকের মৃত্যু ছবি: সংগৃহীত

নড়াইল ও নোয়াখালীতে বজ্রাঘাতে দুইজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে নড়াইল পৌরসভার ঘোড়াখালী মোড়ের পাশের বিলের মাঝে বজ্রপাত হলে ইয়াছিন সিকদার (৩৫) নামে এক কৃষকের মৃত্যু হয়। অন্যদিকে একই সময়ে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নের পূর্ব একলাশপুর গ্রামে বজ্রপাতের ফাহিমা আক্তার (৮) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।

জানা যায়, বৃহস্পতিবার সকালে ইয়াছিনসহ আরও ৬ জন কৃষক বিলে ধান কাটার জন্য যায়। ধান কাটা অবস্থায় বৃষ্টিসহ বজ্রপাতে ইয়াছিনের শরীরে পড়লে সে মারাত্মক অসুস্থ হয়ে পড়ে। এসময় ইয়াছিনের সাথে থাকা কৃষকরা চিকিৎসার জন্য দ্রুত তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত কৃষক ইয়াছিন শিকদার নড়াইল পৌরসভার ডুমুরতলা গ্রামের লুৎফর শিকদারের পুত্র।

নড়াইল সদর থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াছ হোসেন বজ্রপাতে ইয়াছিন শিকদার নামের একজনের নিহত হওয়ার বিষয়টি সিটিজেন নিউজকে নিশ্চিত করেছেন।

এদিকে, স্কুলছাত্রী ফাহিমা আক্তারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে একলাশপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খলিলুর রহমান সিটিজেন নিউজকে জানান, বজ্রপাতে শিকার হয়ে ওই শিশুর ঘটনাস্থলেই মৃত্যু হয়। পরে তাকে ঘটনাস্থল থেকেই উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে পল্লী চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

নিহত ফাহিমা আক্তার একলাশপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের তোরাব আলী দারোগা বাড়ির আব্দুল মতিনর মেয়ে। সে একলাশপুর দালান বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল।