বগুড়ায় বাস-ট্রাক সংঘর্ষে দুই ভাই নিহত; আহত ৫

 নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৪-২৮ , ১২:০৩ পিএম

বগুড়ায় বাস-ট্রাক সংঘর্ষে দুই ভাই নিহত; আহত ৫ ছবি: ইন্টারনেট

বগুড়ায় যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে দুই ভাই নিহত হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে শেরপুর  উপজেলার শেরুয়া বটতলা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছে আরও ৫জন।তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতরা হলেন নওগাঁর পত্নীতলা উপজেলার শীতলবাজার এলাকার মৃত সোলায়মান হোসেনের ছেলে রাজমিস্ত্রি মোশাররফ হোসেন (৪৫) ও আবু হানিফ (৩৫)।

বিষয়টি নিশ্চিত করে শেরপুর থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান,বাসটিতে অন্তত ৪৮ জন যাত্রী ছিলেন। তারা সবাই চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় নির্মাণ শ্রমিকের কাজ করেন। তারা নওগাঁয় ধান কাটার জন্য সোমবার রাত ৯টার দিকে রাঙ্গুনিয়া হাসানি বাজার থেকে রওনা দেন। লকডাউন থাকায় তারা স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অনুমতি নিয়ে আসছিলেন।

তিনি আরও জানান,দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক জব্দ করা হয়েছে। তবে চালক ও হেলপাররা পালিয়ে গেছেন। এ ব্যাপারে শেরপুর থানায় মামলা হয়েছে।