ময়মনসিংহে ট্রাক চাপায় ২ পথচারী নিহত

 রোজিনা হোসেন ঝুমা
আপডেট: ২০২০-০৪-০১ , ১০:০৭ এএম

ময়মনসিংহে ট্রাক চাপায় ২ পথচারী নিহত

ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে নান্দাইল খাদ্যগুদাম এলাকায় মালবোঝাই ট্রাক চাপায় দুই পথচারী নিহত হয়েছে। বুধবার সকাল ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, নান্দাইল পৌর শহরের কাকচর গ্রামের আব্দুর রশিদ (৬৫) ও শেরপুর ইউনিয়নের মাটিকাটা গ্রামের পান ব্যবসায়ী সিরাজ উদ্দিন (৬০)।

পুলিশ জানায়, বুধবার সকালে কিশোরগঞ্জগামী মাল বোঝাই একটি ট্রাক ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে নান্দাইল খাদ্যগুদাম এলাকায় সাইকেল আরোহী পান ব্যবসায়ী সিরাজ উদ্দিন ও পথচারী আব্দুর রশিদকে চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

সিরাজ উদ্দিন ফজরের নামাজ পড়ে রাস্তার পাশদিয়ে হাটাহাটি করছিল আর সিরাজ উদ্দিন বাড়ি থেকে সাইকেলে করে পান বিক্রির জন্য নান্দাইল বাজারে যাচ্ছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করে।

নান্দাইল মডেল থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনসুর আহমেদ জানান, মরদেহ দুটি উদ্ধার করে থানায় রাখা হয়েছে। ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে।