যশোরের সেই এসিল্যান্ডকে প্রত্যাহার

 নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৩-২৮ , ১১:২৪ এএম

যশোরের সেই এসিল্যান্ডকে প্রত্যাহার

যশোরের মণিরামপুরে করোনা ভাইরাস প্রতিরোধে সরকারি নির্দেশনা না মানায় তিন বৃদ্ধকে কান ধরিয়ে দাঁড় করিয়ে শুক্রবার বিকেলে সেই ছবি নিজ মোবাইলে ধারণ করেছিলেন সেখানকার সহকারী ভূমি কমিশনার সাইয়েমা হাসান। এই ছবি ভাইরাল হলে ব্যপক সমালোচনা শুরু হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে।

এরপরদিন আজ শনিবার সকালে তাকে প্রত্যাহার করে নেয়া হয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন সচিব শেখ ইউসুফ হারুন। তিনি জানান, তাকে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। 

শুক্রবার বিকেলে করোনা ভাইরাস মোকাবিলায় জনসমাগম নিয়ন্ত্রণে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সাইয়েমা হাসান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছিলেন। চিনাঢোলা বাজারে অভিযানের সময় ভ্রাম্যমাণ আদালতের সামনে পড়েন প্রথমে দুই বৃদ্ধ। 

এর মধ্যে একজন বাইসাইকেল চালিয়ে আসছিলেন। অপরজন রাস্তার পাশে বসে কাঁচা তরকারি বিক্রি করছিলেন। তবে তাদের মুখে মাস্ক ছিল না। এ সময় পুলিশ ওই দুই বৃদ্ধকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে সাইয়েমা হাসান শাস্তি হিসেবে তাদের কান ধরিয়ে দাঁড় করিয়ে রাখেন। 

এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট নিজেই তার মোবাইল ফোনে এ চিত্র ধারণ করেন। এ ছাড়া পরবর্তীতে অপর এক ভ্যানচলককে অনুরূপভাবে কান ধরিয়ে দাঁড় করিয়ে রাখেন। এ ছবি মুহূর্তেই ভাইরাল হয়ে পড়লে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় ওঠে।