নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৩-২৩ , ০৬:০৭ পিএম
ছবি: সিটিজেন নিউজ
নভেল করোনাভাইরাস সংক্রমণরোধে ধর্মপ্রাণ মুসলমানদের মসজিদে না গিয়ে বাড়িতে নামাজ পড়ার আহ্বান জানানো হয়েছে মন্ত্রপরিষদ বিভাগ থেকে। সোমবার (২৩মার্চ) করোনা পরিস্থিতি নিয়ে বাংলাদেশ সচিবালয়ে জরুরি ব্রিফিংয়ে এই আহ্বান জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
এর আগে করোনা পরিস্থিতি মোকাবেলায় সরকারি অফিস-আদালত ছাড়াও সকল বেসরকারি প্রতিষ্ঠানও বন্ধ থাকবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত পুলিশ, হাসপাতাল ও জরুরি সেবা ছাড়া দেশের সকল সরকারি অফিস-আদালত বন্ধ ঘোষণা করা হয়।
এসময় মন্ত্রিপরিষদ সচিব জানান, সরকারি অফিস-আদালতের পাশাপাশি সকল বেসরকারি প্রতিষ্ঠানও বন্ধ থাকবে।
ব্রিফিংয়ে বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিয়মিত খোঁজ খবর নিচ্ছেন এবং সেই আলোকে নির্দেশনা দিচ্ছেন। প্রধানমন্ত্রীর অফিসে দুযোর্গ ব্যবস্থাপনা বিষয়ক বিভাগটি সার্বক্ষণিক খোলা রয়েছে। করোনা মোকাবেলায় ওয়ার্ড পর্যায়ে গ্রাম পুলিশরাও কাজ করছে।
এছাড়া মঙ্গলবার থেকে সারা দেশে সেনা মোতায়েন করা হচ্ছে। তারা জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করবেন।
করোনার বিস্তাররোধে এরই মধ্যে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। কড়াকড়ি আরোপ করা হয়েছে সভা-সমাবেশ ও গণজমায়েতের ওপর। চারটি দেশ ও অঞ্চল ছাড়া সব দেশ থেকেই যাত্রী আসা বন্ধ করে দেয়া হয়েছে।
মুলতবি করা হয়েছে জামিন ও গুরুত্বপূর্ণ বিষয়াদি ছাড়া নিম্ন আদালতের বিচারিক কাজ।
ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব, তথ্যসচিব, প্রিন্সিপাল স্টাফ অফিসার, প্রধান তথ্য কর্মকর্তা (পিআইও)।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.