যশোরে বন্দুকযুদ্ধে ১০ মামলার আসামি নিহত

 নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৩-১৫ , ০৯:৪৫ এএম

যশোরে বন্দুকযুদ্ধে ১০ মামলার আসামি নিহত ছবি: ইন্টারনেট

যশোরের চৌগাছা উপজেলায় পুলিশের সঙ্গে গোলাগুলিতে জহুরুল ইসলাম (৪০) নামে এক যুবক নিহত হয়েছেন। রোববার ভোরে উপজেলার মাকাপুর গাবতলা এলাকায় এ গোলগুলির ঘটনা ঘটে।

নিহত জহুরুল আন্দুলিয়া গ্রামের প্রাইমারী স্কুলপাড়ার গোলাম হোসেনের ছেলে।

পুলিশের দাবি, নিহত জহুরুল ইসলাম মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় অন্তত ১০টি মাদকের মামলা রয়েছে।

চৌগাছা থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিফাত খান রাজীব সিটিজেন নিউজকে জানান, মাদকের একটি বড় চালান পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত রাতে মাকাপুর গাবতলা মাঠে পুলিশ অবস্থান নেয়। এসময় মাদক ব্যবসায়ী দলের পক্ষ থেকে গুলি চালানো হয়। পুলিশও পাল্টা গুলি চালায়।

পুলিশের গুলির মুখে অন্য মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। এসময় সেখানে মাদক ব্যবসায়ী জহুরুলের মরদেহ পড়ে থাকতে দেখা যায়। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপতাল মর্গে পাঠায়।