অর্থনৈতিক ডেস্ক
আপডেট: ২০২৬-০৮-১৫ , ০৭:৫১ এএম
ছবি: আন্তর্জাল
আন্তর্জাতিক বাজারে এক লাফে ব্যারেলপ্রতি ১ ডলারের বেশি বেড়েছে অপরিশোধিত তেলের দাম। ট্যাঙ্কারে নতুন করে হামলা এবং যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনায় অগ্রগতি না থাকায় তেলের বাজারে ঊর্ধ্বমুখী দেখা যায়।
শুক্রবার (১৪ আগস্ট) বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১.৪৫ ডলার বা ১.৬৭ শতাংশ বেড়ে যায়। এতে ব্যারেলের দাম দাড়ায় ৮৮.৫২ ডলারে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ১.১৫ ডলার বা ১.৪২ শতাংশ বেড়ে ৮২.৪০ ডলারে দাড়িয়েছে।
সাপ্তাহিক হিসাবেও তেলের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ব্রেন্ট প্রায় ৬ শতাংশ এবং ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট প্রায় ৫.৪ শতাংশ বাড়ার পথে রয়েছে।
তেলের দাম বাড়ার অন্যতম কারণ হিসেবে দেখা হচ্ছে হরমুজ প্রণালিতে ট্যাঙ্কারে হামলা ও জাহাজ চলাচল ব্যাহত হওয়ার আশঙ্কা। ১৪ আগস্ট দুটি সংযুক্ত আরব আমিরাতের তেলবাহী ট্যাঙ্কার ড্রোন হামলার শিকার হয়। হামলায় কোনো হতাহতের ঘটনা না ঘটলেও জাহাজ দুটির ক্ষতি হয়েছে। সংযুক্ত আরব আমিরাত এ হামলার জন্য ইরানকে দায়ী করেছে।
এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি আলোচনা কার্যত অচলাবস্থায় রয়েছে। একই সঙ্গে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিকের তুলনায় অনেক কমে যাওয়ায় আন্তর্জাতিক বাজারে সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়ছে।
বিশ্লেষক অ্যান্ড্রু লিপোর মতে, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল দীর্ঘ সময় ধরে সীমিত থাকলে পরিস্থিতি আরও গুরুতর হয়ে উঠতে পারে। কারণ বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল সরবরাহ এই গুরুত্বপূর্ণ সমুদ্রপথ দিয়ে পরিবহন করা হয়।
ফলে হরমুজ প্রণালির পরিস্থিতি, যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার অগ্রগতি এবং ট্যাঙ্কার চলাচলের ওপরই এখন আন্তর্জাতিক তেলের বাজারের পরবর্তী গতিপথ অনেকটা নির্ভর করছে। সংকট দীর্ঘায়িত হলে তেলের দামে আরও বড় ধরনের অস্থিরতা দেখা দিতে পারে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.