সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিস্ফোরণে নিহত বেড়ে ৮

 নিজস্ব প্রতিনিধি
আপডেট: ২০২৬-০৮-১৪ , ০১:১৩ পিএম

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিস্ফোরণে নিহত বেড়ে ৮ ছবি: নাগরিক পত্রিকা

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে একটি শিপইয়ার্ডে বিস্ফোরণে অন্তত ৮ জন নিহত ও ১০ শ্রমিক আহত হয়েছেন। শুক্রবার (১৪ আগস্ট) সকালে ফেরদৌস শিপইয়ার্ডে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

নিহতদের মধ্যে দুজন হলেন- সেকান্দর মিয়ার দুই ছেলে মোহাম্মদ নাসির (৪৭) ও মোহাম্মদ মনসুর (৫৫)। বাকিদের নাম পরিচয় এখনো জানা যায়নি।

ফেরদৌস স্টিল শিপইয়ার্ডে ব্যবস্থপনা পরিচালক (এমডি) ফেরদৌস ওয়াহিদ বলেন, ঘটনাস্থালেই তিনজন মারা গেছেন। তবে বিস্ফোরণের সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঘটনাটি তদন্ত করে কারণ উদঘাটনের চেষ্টা চলছে।

আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর দুজন মারা গেছেন। চমেক হাসপাতালে মোট ৮ জন দগ্ধকে আনা হয়।

কুমিরা ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আল মামুন বলেন, ফেরদৌস শিপইয়ার্ডে বিস্ফোরণে অনেকে হতাহত হয়েছেন। এখন পর্যন্ত তিনজন মারা গেছেন। উদ্ধার তৎপরতা চলছে। অনেকের অবস্থা আশঙ্কাজনক। তাদের হাসপাতালে নেওয়া হয়েছে।

সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফখরুল ইসলাম বলেন, ঘটনাস্থলে যাচ্ছি। অনেকে হতাহত হয়েছেন বলে শুনেছি।