মব কালচার দমনে কঠোর বার্তা দিলেন আইজিপি

 নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২৬-০২-২৭ , ০২:৩২ পিএম

মব কালচার দমনে কঠোর বার্তা দিলেন আইজিপি ছবি: নাগরিক পত্রিকা

রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং ক্রমবর্ধমান মব কালচার দমনে পুলিশের দৃঢ় অবস্থানের কথা জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। 

রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টের নিরাপত্তাব্যবস্থা সশরীরে পরিদর্শনে গিয়ে তিনি সাংবাদিকদের সাথে এই বিষয়ে আলাপ করেন। 

আইজিপি বলেন, মব কালচার বা গণপিটুনির মতো আইনবহির্ভূত কর্মকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া হবে না এবং এই সমস্যা সমাধানে পুলিশের পক্ষ থেকে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। অপরাধী চক্রগুলোকে চিহ্নিত করে আইনের ভেতরে থেকে প্রয়োজনীয় শক্তি প্রয়োগ করতে পুলিশ পিছুপা হবে না।

আইজিপি মো. আলী হোসেন ফকির বলেন, মব কালচার সমাধান করা পুরোপুরি সম্ভব, তবে এর জন্য সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতা প্রয়োজন। 

 

তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, সমাজের একটি নির্দিষ্ট গোষ্ঠী এই সমস্যার স্থায়ী সমাধান চায় না, বরং তারা বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করে মব থেকে নিজেদের স্বার্থ হাসিল করতে চায়। 

তরুণ প্রজন্ম ও রাজনৈতিক নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, যে কারো যেকোনো অভিযোগ থাকতে পারে, তবে তা অবশ্যই আইনের কাঠামো এবং আলোচনার টেবিলের মাধ্যমে সমাধান করতে হবে। নিজের হাতে আইন তুলে নেওয়া দেশের স্থিতিশীলতার জন্য বড় হুমকি।