নিজস্ব প্রতিনিধি
আপডেট: ২০২৬-০২-০৬ , ০২:৫৫ পিএম
ছবি: নাগরিক পত্রিকা
ছয়দিন অচল থাকার পর দেশের প্রধান চট্টগ্রাম সমুদ্র বন্দরে কর্মচাঞ্চল্য ফিরেছে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল থেকে পূর্ণাঙ্গ অপারেশনাল কার্যক্রম শুরু হয়েছে এই বন্দরে। শ্রমিক-কর্মচারীরা জানান, বন্দরে কন্টেইনার হ্যান্ডলিং, কন্টেইনার ডেলিভারি এবং জাহাজে পণ্য ওঠা-নামা সব কার্যক্রম স্বাভাবিক হয়েছে।
বন্দরের কার্যক্রম পুরোপুরি সচল হওয়ার তথ্য জানিয়েছেন চট্টগ্রাম বন্দরের পরিচালক (প্রশাসন) ওমর ফারুক।
নিউমুরিং কন্টেইনার টার্মিনাল বিদেশি প্রতিষ্ঠানের কাছে ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে গত ৩১ জানুয়ারি থেকে শ্রমিক ও কর্মচারীরা আন্দোলন ও কর্মবিরতিতে যান। পর্যায়ক্রমে এই কর্মসূচি অনির্দিষ্টকালের কর্মবিরতিতে রূপ নেয়। ফলে দেশের প্রধান সমুদ্রবন্দরের সব কার্যক্রম বন্ধ হয়ে যায়।
অচলাবস্থার সময় বন্দরের জেটিতে থাকা দশটি জাহাজে পণ্য আটকে ছিল। একই সঙ্গে বেসরকারি ডিপোগুলোতে জমে থাকে বিপুল সংখ্যক রপ্তানি কন্টেইনার। সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রায় ১৩ হাজার একক রপ্তানি পণ্যের কন্টেইনার আটকা পড়ে।
সূত্র জানায়, দুইদিন কর্মবিরতি স্থগিত ঘোষণার পর বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকেই মূলত বন্দর অপারেশনাল কার্যক্রম সীমিত আকারে শুরু হয়। আজ শুক্রবার সকাল থেকেই বন্দরের কন্টেইনার হ্যান্ডলিং, কন্টেইনার ডেলিভারি, জাহাজে পণ্য ওঠা-নামা সব কার্যক্রম স্বাভাবিক হয়।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.