আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ২০২৬-০১-২৮ , ১১:১৯ এএম
ছবি: নাগরিক পত্রিকা
আসন্ন ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দেশে রাজনৈতিক সহিংসতার আশঙ্কা ক্রমেই বাড়ছে। তফসিল ঘোষণার পর গত ডিসেম্বর থেকে এখন পর্যন্ত অন্তত ১৬ জন রাজনৈতিক নেতা-কর্মী নিহত হয়েছেন। সংঘর্ষ, হত্যাকাণ্ড, হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের ঘটনায় সাধারণ ভোটারদের মধ্যে উদ্বেগ ও অনিশ্চয়তা তৈরি হয়েছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা প্রকাশিত এক বিশ্লেষণধর্মী প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ আবারও সহিংস রাজনৈতিক বাস্তবতার দিকে ফিরে যেতে পারে—এমন আশঙ্কা করছেন অনেকে।
প্রতিবেদনে বিএনপি নেতা কাজী শাওন আলম বলেন, গত ৭ জানুয়ারি সহকর্মী নেতা আজিজুর রহমান মুসাব্বির গুলিবিদ্ধ হয়ে নিহত হওয়ার ঘটনা নির্বাচন সামনে রেখে রাজনৈতিক প্রচারের ঝুঁকিপূর্ণ বাস্তবতা স্পষ্ট করেছে।
ঢাকা-ভিত্তিক গবেষণা সংস্থা সেন্টার ফর অলটারনেটিভস পরিচালিত বাংলাদেশ পিস অবজারভেটরি জানায়, নির্বাচনকালীন সহিংসতার দীর্ঘ ইতিহাস রয়েছে দেশে। ১৯৯১, ২০০৮ ও ২০১৪ সালের নির্বাচনে ব্যাপক প্রাণহানি ঘটে। বিশেষ করে ২০১৪ সালের নির্বাচনে ১৪২ জন নিহত হন এবং শত শত ভোটকেন্দ্রে ভোটগ্রহণ বন্ধ হয়ে যায়।
বিশ্লেষকদের মতে, রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও বিদ্রোহী প্রার্থীদের উপস্থিতি সহিংসতার ঝুঁকি বাড়াচ্ছে। গণমাধ্যমের তথ্যমতে, বিএনপির অন্তত ৯২ জন নেতা ৭৯টি আসনে বিদ্রোহী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সম্প্রতি ঢাকাসহ বিভিন্ন জেলায় বিএনপি ও জামায়াত কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। দুই দলই একে অপরের বিরুদ্ধে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ তুলেছে এবং নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে।
পুলিশ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। নির্বাচনের সময় প্রায় ৯ লাখ নিরাপত্তা সদস্য মোতায়েন থাকবে এবং অর্ধেকের বেশি ভোটকেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
এদিকে নির্বাচন পর্যবেক্ষক সংস্থাগুলো সতর্ক করে বলছে, ক্রমবর্ধমান সহিংসতা ও রাজনৈতিক অসহিষ্ণুতা নির্বাচনের বিশ্বাসযোগ্যতা ও গ্রহণযোগ্যতাকে প্রশ্নের মুখে ফেলতে পারে। নাগরিক প্ল্যাটফর্ম সুজনের সভাপতি বদিউল আলম মজুমদার বলেন, 'ইতিহাস থেকে জন্ম নেওয়া ভয় কাটিয়ে ভোটারদের আস্থা ফিরিয়ে আনাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।'
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.