নিজস্ব প্রতিনিধি
আপডেট: ২০২৬-০১-১৬ , ০৫:২৩ পিএম
ছবি: নাগরিক পত্রিকা
কুমিল্লার নাঙ্গলকোটে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সালেহ আহমেদ (৬০) ও দেলোয়ার হোসেন নয়ন (৪০) নামে দুজনকে গুলি করে, হাত ও পায়ের রগ কেটে হত্যা করার খবর পাওয়া গেছে।
শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার বক্সগঞ্জ ইউনিয়নের দক্ষিণ আলিয়ারা গ্রামে দফায় দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।
নিহত সালেহ আহমেদ মেম্বার বক্সগঞ্জ ইউনিয়নের আলিয়ারা ওয়ার্ডের সাবেক ইউনিয়ন পরিষদ (ইউপি) মেম্বার ও ওই গ্রামের মৃত সালামত উল্লাহর ছেলে এবং দেলোয়ার হোসেন নয়ন একই গ্রামের আবুল খায়েরের ছেলে ব্রুনাই প্রবাসী।
স্থানীয় সূত্রে জানা যায়, গত বছরের জুন মাসে গরুর ঘাস খাওয়াকে কেন্দ্র করে আলাউদ্দিন মেম্বার গ্রুপ ও সালেহ আহমেদ মেম্বার গ্রুপের মধ্যে কয়েকদফা সংঘর্ষ হয়। এতে উভয়পক্ষের বহুলোক আহত হন এবং প্রায় অর্ধশত বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়। সর্বশেষ ৩ আগস্ট আলাউদ্দিন মেম্বারকে অপহরণ করে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়।
এ ঘটনার পর সালেহ আহমেদ মেম্বার গ্রুপ দীর্ঘদিন এলাকা ছেড়ে বাইরে অবস্থান করেন। ৩ জানুয়ারি সালেহ আহমেদ মেম্বার গ্রুপ এলাকায় প্রবেশের চেষ্টা করলে আলাউদ্দিন মেম্বার গ্রুপের লোকজন বাধা দেয় এবং বিভিন্নভাবে হুমকি দেয়।
দেলোয়ার হোসেন নয়নের বড় বোন হাজেরা আক্তার রিংকি জানান, আমাদের বাড়িঘর সব জ্বালিয়ে দেওয়া হয়েছে অনেক আগেই। তারপরও আমরা বাড়িতে গিয়ে তাবু টানিয়ে থাকতে শুরু করি। শুক্রবার সকালে আলাউদ্দিন মেম্বারের ছেলে রাজিমসহ প্রায় ২ শতাধিক লোক একসঙ্গে আমাদের ওপর হামলা চালায়। এতে আমার ভাই নয়ন ও চাচা সালেহ আহমেদ মেম্বার গুলিবিদ্ধ হন৷ মৃত্যু নিশ্চিত করতে তাদের হাত ও পায়ের রগ কেটে দেওয়া হয়।
নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. সৈয়দা ফারহানা ইসলাম বলেন, গুরুতর আহত কয়েকজনকে হাসপাতালে আনা হয়েছে। দুজন ইতোমধ্যে মারা গেছেন।
নাঙ্গলকোট থানার ওসি আরিফুর রহমান বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে, এই মুহূর্তে আলিয়ারা গ্রাম মানুষশূন্য রয়েছে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.