নিজস্ব প্রতিনিধি
আপডেট: ২০২৫-১২-১৯ , ১১:৩৭ এএম
ছবি: নাগরিক পত্রিকা
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মৃত্যুর খবরে হত্যাকারীদের বিচারের দাবিতে বিক্ষোভকারীরা বুলডোজার দিয়ে কার্যক্রম নিষিদ্ধ রাজশাহী মহানগর আওয়ামী লীগের অফিস গুঁড়িয়ে দিয়েছে।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে শুরু হয় রাজশাহী মহানগরীর কুমারপাড়ায় মহানগর আওয়ামী লীগের কার্যালয়টি গুড়িয়ে দেওয়া, চলে ভোর চারটা পর্যন্ত।
এর আগে রাজশাহীর সাহেববাজার জিরোপয়েন্টে ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের থেকে মিছিল করেছে জুলাই মঞ্চ ও এনএসিপির নেতাকর্মীরা। আন্দোলনকারীরা ‘আওয়ামী লীগের আস্তানা, ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’, ‘হাদি ভাই মরল কেন, ইন্টেরিম জবাব দে’, ‘রুখে দাও জনগণ, ভারতীয় আগ্রাসন’ ইত্যাদি স্লোগান দেন।
এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের(রাকসু) জিএস সালাউদ্দিন আম্মার তার ভেরিফায়েড ফেসবুকে লেখেন, ‘রাজশাহীবাসী ভারতীয় আধিপত্যবাদ আর আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ে আবার জুলাই নামাতে হবে। গুঁড়িয়ে দিবো আওয়ামী দূর্গ। সবাই আলুপট্টি আওয়ামী অফিসের সামনে চলে আসেন এখনই। রাবিয়ানরা ‘জোহা চত্বরে’ চলে আসেন সবাই, এখান থেকে আমরা যাবো। বুলডোজার যারা পারেন ব্যবস্থা করে আনেন প্লিজ।’
অন্যদিকে, রাত সাড়ে ১১টার দিকে মহানগরীর সাহেববাজার জিরোপয়েন্টে বিক্ষোভকারীরা হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে স্লোগান দেন। পরে রাজশাহী মহানগর আওয়ামী লীগ অফিসের সামনে এসে জড়ো হন।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে মিছিল নিয়ে আসা শিক্ষার্থীরাও আধিপত্যবাদ বিরোধী শিক্ষার্থীর ব্যানারে মিছিল নিয়ে আসেন। এরপর বুলডোজার দিয়ে রাজশাহী মহানগর আওয়ামী লীগের অফিস ভাঙচুর শুরু করে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.