নেতাকর্মীদের ‘নির্বাচনি যুদ্ধে’ নামার আহ্বান তারেকের

 নিজস্ব প্রতিনিধি
আপডেট: ২০২৫-১২-১১ , ০৬:৫৪ পিএম

নেতাকর্মীদের ‘নির্বাচনি যুদ্ধে’ নামার আহ্বান তারেকের ছবি: নাগরিক পত্রিকা

নির্বাচনি যুদ্ধ মোকাবেলায় দলের নেতাকর্মীদের একযোগে মাঠে নামার আহ্বান জানিয়েছেন তারেক রহমান। বৃহস্পতিবার বিকালে দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক এক কর্মশালায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এ আহ্বান জানান।

সারা দেশ থেকে আসা দলের মাঠ পর্যায়ের নেতাদের উদ্দেশ করে তিনি বলেন, ‘‘আপনারা পরীক্ষিত; শত অত্যাচার-নির্যাতনের মধ্যেও আপনারা দলকে ধরে রেখেছেন। সেই ওয়ান-ইলেভেনের ষড়যন্ত্র থেকে শুরু করে গত স্বৈরাচারের ১৫ বছরের ষড়যন্ত্র সব আপনারা মোকাবেলা করেছেন।

‘‘তাহলে এখন কেন এই সামনের যেই নির্বাচনি যুদ্ধ, এই যুদ্ধ মোকাবেলা করতে পারবেন না? আপনার দলের যে পরিকল্পনা জনগণকে ঘিরে, দেশকে ঘিরে, কেন সেটা জনগণের কাছে তুলে ধরতে পারবেন না। চাইলেই আপনারা এটা করতে পারবেন, এটা করতে হবে।

তারেক বলেন, ‘‘দেশ গড়ার পরিকল্পনা বাস্তবে রূপ দিতে হলে আমাদের জনগণের সমর্থন প্রয়োজন এবং জনগনের সমর্থনকে দলের পেছনে আনতে হলে আপনাদের ঐকান্তিক প্রচেষ্টা ও উদ্যোগ প্রয়োজন।

আসুন আমরা সেই উদ্যোগ গ্রহণ করি। আমি কি আপনাদের কাছে সেই প্রত্যাশা রাখতে পারি যে, আপনারা এখান থেকে নিজ নিজ এলাকায় ফিরে গিয়ে সেই উদ্যোগ গ্রহণ করবেন।

ফার্মগেইটের কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপির উদ্যোগে দেশ গড়ার পরিকল্পনার কর্মসূচি শিরোনামে এ কর্মশালা হয়। এতে সারা দেশের বিএনপির বিভিন্ন স্তরের নেতারা অংশগ্রহণ করেন।

গত রোববার থেকে এই কর্মশালা শুরু হয়। প্রতিদিন দলের একেকটি অঙ্গসংগঠনের নেতারা অংশ নেন।