নিজস্ব প্রতিনিধি
আপডেট: ২০২৫-১১-১১ , ০৭:১৩ এএম
ছবি: নাগরিক পত্রিকা
সারা দেশে হত্যাসহ বিভিন্ন ধরনের অপরাধ বেড়েছে। রয়েছে—ডাকাতি-দস্যুতা, অপহরণ, নারী ও শিশু নির্যাতন, চুরি, সিঁধেল চুরি ও পুলিশের ওপর হামলার ঘটনা। চলতি বছরের সেপ্টেম্বরের তুলনায় অক্টোবর মাসে এই সাত ধরনের অপরাধ আরও বেড়েছে।
পুলিশ সদর দপ্তরের অপরাধবিষয়ক মাসিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত বছরের আগস্ট থেকে চলতি বছরের আগস্ট পর্যন্ত ১৩ মাসে সারা দেশে উল্লিখিত সাত ধরনের অপরাধমূলক ঘটনায় ৩৯ হাজার ৯৩৬টি মামলা হয়েছে।
এই হিসাবে প্রতি মাসে মামলা তিন হাজার ৭২টি। প্রতিদিন মামলা ১০২টি। প্রতিবেদনের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, গত অক্টোবরে হত্যা মামলা হয়েছে ৩১৯টি, সেপ্টেম্বরে ছিল ২৯৭টি। অক্টোবরে ডাকাতি-দস্যুতার ঘটনায় মামলা ২৩৬টি, সেপ্টেম্বরে ২১০টি।
নারী ও শিশু নির্যাতনের ঘটনায় অক্টোবরে মামলা এক হাজার ৯৮৫টি, সেপ্টেম্বরে এক হাজার ৯২৮টি। অক্টোবরে অপহরণের ঘটনায় মামলা ১১০টি, সেপ্টেম্বরে ৯৬টি। পুলিশের ওপর হামলার ঘটনায় অক্টোবরে মামলা ৬৯টি, সেপ্টেম্বরে ৪৩টি। চুরির ঘটনায় অক্টোবরে মামলা ৩০১টি, সেপ্টেম্বরে ২৯৫টি।
সিঁধেল চুরির ঘটনায় অক্টোবরে মামলা ৩০১টি, সেপ্টেম্বরে ২৯৫টি।
সর্বশেষ গতকাল সোমবার পুরান ঢাকার সূত্রাপুরে প্রকাশ্যে গুলি করে তারিক সাইফ মামুন নামের একজনকে হত্যা করে সন্ত্রাসীরা। পুলিশের ভাষ্য, নিহত মামুন সরকারের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী। রবিবার মুন্সীগঞ্জে আরিফ মীর নামের এক বিএনপি নেতাকে গুলি করে হত্যা করা হয়।
সাম্প্রতিক অপরাধমূলক ঘটনার তথ্য বিশ্লেষণে দেখা গেছে, জাতীয় নির্বাচন সামনে রেখে পূর্বশত্রুতা, এলাকায় আধিপত্য বিস্তার, রাজনৈতিক প্রতিশোধস্পৃহা, সমাবেশকেন্দ্রিক বিরোধ, কমিটি গঠন নিয়ে বিরোধ, চাঁদাবাজি ও বিভিন্ন স্থাপনা দখল নিয়ে বেশির ভাগ সহিংসতার ঘটনা ঘটে।
এসব ঘটনায় সারা দেশে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনাসহ পুলিশ ও আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর স্থাপনাগুলোর নিরাপত্তা বাড়ানো হয়েছে।
পুলিশ সদর দপ্তর দপ্তরের মাসিক অপরাধমূলক ঘটনার তথ্য বিশ্লেষণে জানা গেছে, গত সেপ্টেম্বর থেকে অক্টোবর মাসে এই সাত ধরনের অপরাধে ৫ শতাংশ মামলা বেড়েছে। সেপ্টেম্বরে ছিল তিন হাজার ৭৫৭টি মামলা, সেখানে অক্টোবরে মামলার সংখ্যা বেড়ে হয়েছে তিন হাজার ৯৫১টি। সেপ্টেম্বরের তুলনায় অক্টোবরে ১৯৪টি মামলা।
সংশ্লিষ্ট সূত্র বলছে, চাঁদাবাজদের ভয়ে কেউ মামলা না করলে পুলিশ বাদী হয়ে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে। চাঁদার টাকা, রশিদ ও অন্যান্য আলামতসহ ধরা পড়লে তাদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা করা হবে।
পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেন, আইন-শৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ সতর্ক থেকে তৎপর রয়েছে পুলিশ। নির্বাচন ঘিরে সার্বিক পরিস্থিতি নির্বিঘ্ন ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় কর্মপরিকল্পনা নির্ধারণ করা হয়েছে।
পুলিশ সদর দপ্তর সূত্র বলছে, চলতি বছর গত ১০ মাসে (জানুয়ারি-অক্টোবর) পুলিশের ওপর হামলা, হেনস্তার ঘটনায় ৫৩১টি মামলা হয়েছে। সর্বশেষ অক্টোবরে ৬৯টি মামলা হয়। সেপ্টেম্বরে হয় ৪৩টি মামলা। এক মাসে ২৬টি মামলা বেড়েছে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.