নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২৫-১১-১১ , ০৭:০১ এএম
ছবি: নাগরিক পত্রিকা
রাজধানীর আট স্থানে ককটেল বিস্ফোরণ ও চার বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এসব ঘটনায় হতাহতের খবর না পাওয়া গেলেও আতঙ্ক দেখা যায় অনেকের মাঝে। সোমবার (১০ নভেম্বর) সকাল থেকে রাত পর্যন্ত ঢাকার বিভিন্ন স্থানে এসব ঘটনা ঘটে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে, অন্তত আট স্থানে ককটেল বিস্ফোরণ ও তিন স্থানে যাত্রীবাহী বাসে আগুন দেওয়া হয়েছে। এর মধ্যে সকালে মোহাম্মদপুরে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার এবং কবি ও চিন্তক ফরহাদ মজহারের খাদ্যপণ্যের প্রতিষ্ঠান প্রবর্তনার সামনে ককটেল ছোড়া হয়। এ ছাড়া সকালে ধানমন্ডির দুটি স্থান ও মিরপুরে গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ করা হয়।
এরপর সন্ধ্যায় মৌচাক, শেরেবাংলা নগর, মিরপুর-১০ ও খিলগাঁওয়ে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এ ছাড়া বাসে আগুন দেওয়া হয় বাড্ডা, শাহজাদপুর, ধানমন্ডি ও যাত্রাবাড়ী এলাকায়।
আগামী বৃহস্পতিবার আওয়ামী লীগের ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি ঘিরে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এর মধ্যেই আজ এসব ঘটনা ঘটল।
এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বলেন, বিশেষ কোনো দিন টার্গেট করে এসব অপতৎপরতা চালানো হচ্ছে কিনা, তা তদন্ত করে দেখা হচ্ছে। জড়িতদের আইনের আওতায় আনতে কাজ করছে পুলিশ।
এদিকে, প্রায় একই সময়ে ধানমন্ডি ২৭ নম্বরের মাইডাস সেন্টারের সামনে এবং ৯/এ নম্বর সড়কে ইবনে সিনা হাসপাতালের সামনে দুটি করে ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়।
এর আগে আজ ভোর পৌনে ৪টার দিকে মিরপুরে গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে একটি ককটেল বিস্ফোরণ হয়।
এদিকে সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে মিরপুর ১০ নম্বরের শাহ আলী মার্কেটের সামনে তিনটি ককটেল বিস্ফোরিত হয়। কে বা কারা বিস্ফোরণ ঘটিয়েছে, তা জানতে পারেনি পুলিশ। এ ছাড়া সন্ধ্যা ৬টায় মৌচাক ক্রসিংয়ের সামনে মগবাজার মৌচাক ফ্লাইওভারের ওপর থেকে একটি ককটেল ছোড়া হয়। আর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে খিলগাঁও ফ্লাইওভারের ওপর ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। এসব ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি।
চার বাসে আগুন: সোমবার সকালে আধা ঘণ্টার ব্যবধানে বাড্ডা ও শাহজাদপুর এলাকায় দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালের সামনে শান্ত-মারিয়াম ইউনিভার্সিটির শিক্ষার্থী বহনকারী বাসে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এরপর মধ্যরাত ১টার দিকে যাত্রাবাড়ীতে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয় রাইদা পরিবহনের একটি বাস। এতে কেউ হতাহত হননি।
ফায়ার সার্ভিস সদরদপ্তর নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা মো. শাহজাহান জানান, শাহজাদপুর এলাকায় সকাল পৌনে ৬টার দিকে যাত্রীবাহী ভিক্টর পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। আর সকাল সোয়া ৬টার দিকে বাড্ডার ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে আগুন দেওয়া হয় আকাশ পরিবহনের একটি বাসে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.