রাউজানে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ পাঁচজন

 নিজস্ব প্রতিনিধি
আপডেট: ২০২৫-১১-০৬ , ০৭:১১ এএম

রাউজানে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ পাঁচজন ছবি: নাগরিক পত্রিকা

ট্টগ্রামের রাউজানে বিএনপির দুই গ্রুপের আন্তর্কোন্দলের জেরে পাঁচজন গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। বিএনপির ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরী এবং উত্তর জেলা বিএনপির সাবেক আহ্বায়ক গোলাম আকবর খোন্দকারের অনুসারীদের মাঝে এ ঘটনা ঘটে।

বুধবার (৫ নভেম্বর) রাত ১১টার দিকে উপজেলার বাগোয়ান ইউনিয়নে ৪ নম্বর ওয়ার্ডের চৌধুরী পাড়ায় এ ঘটনা ঘটে।

গুলিতে আহতরা হলেন- রাউজান উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ সুমন, বাগোয়ান ইউনিয়ন কৃষক দলের সহ-সভাপতি মোহাম্মদ ইসমাইল, বাগোয়ান ইউনিয়ন শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক খোরশেদ আলম চৌধুরী, বাগোয়ান ইউনিয়ন যুবদলের সহ সভাপতি রবিউল হোসেন রুবেল ও বিএনপি কর্মী মোহাম্মদ সোহেল।

তারা সবাই স্থানীয় বিএনপির বিবদমান দুই গ্রুপের উত্তর জেলা বিএনপির সাবেক আহ্বায়ক গোলাম আকবর খোন্দকারের অনুসারী বলে জানা গেছে।

এ হামলায় পদ স্থগিত থাকা বিএনপির ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারী রাউজান উপজেলা যুবদলের সাধারণ সম্পাদককে দুষছেন গোলাম আকবর খোন্দকারের অনুসারীরা।

গোলাম আকবর খোন্দকারের এজন অনুসারী নাম প্রকাশ করার না শর্তে বলেন, গিয়াস কাদের চৌধুরীর ক্যাডার সন্ত্রাসীর নেতৃত্বে সশস্ত্র হামলায় ৫ জন গুলিবিদ্ধ হয়েছে। রক্তাক্ত গুলিবিদ্ধ অবস্থায় আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুলিবিদ্ধ রাউজান উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ সুমনের অবস্থা আশঙ্কাজনক।