নিজস্ব প্রতিনিধি
আপডেট: ২০২৫-১০-১৫ , ০৬:৫১ পিএম
ছবি: নাগরিক পত্রিকা
২০২৬ সালের হজযাত্রী ও হজসংশ্লিষ্ট কর্মীদের জন্য নতুন স্বাস্থ্য নির্দেশনা জারি করেছে সৌদি আরব। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, করোনাভাইরাস, মেনিনজাইটিস, পোলিও ও ইয়েলো ফিভার—এই চারটি টিকা আবশ্যকভাবে নেওয়া হবে। নির্দেশনা অনুসারে এই টিকা না নিলে কোনো হাজি সৌদি আরবে প্রবেশ করতে পারবেন না। খবর দিয়েছে দ্য ইসলামিক ইনফরমেশন।
নির্দেশনায় বলা হয়েছে, কোভিড-১৯ টিকা অবশ্যই সৌদি অনুমোদিত প্রস্তুতকারকের হতে হবে এবং সর্বশেষ ডোজ ২০২১ থেকে ২০২৫ সালের মধ্যে নেওয়া থাকতে হবে। এটি যাত্রার অন্তত দুই সপ্তাহ আগে সম্পন্ন করতে হবে। মেনিনজাইটিসের টিকা পাঁচ বছর পর্যন্ত বৈধ থাকবে এবং সৌদিতে প্রবেশের কমপক্ষে ১০ দিন আগে নেওয়া বাধ্যতামূলক।
পোলিও নজরদারিতে থাকা দেশগুলোর হাজিদের টিকা হজযাত্রার অন্তত চার সপ্তাহ আগে নেওয়া উচিত এবং আন্তর্জাতিক টিকা সনদে তা উল্লেখ থাকতে হবে। ইয়েলো ফিভারের টিকা ৯ মাসের ঊর্ধ্বে সব দেশের হজযাত্রীদের জন্য বাধ্যতামূলক।
সৌদি স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছেন, গুরুতর শারীরিক সমস্যা থাকা ব্যক্তিরা হজে অংশ নিতে পারবেন না। এর মধ্যে রয়েছে প্রধান অঙ্গ বিকল হওয়া রোগী, জটিল দীর্ঘমেয়াদি অসুস্থতা, মানসিক বা স্নায়বিক সমস্যা, উচ্চঝুঁকিপূর্ণ গর্ভাবস্থা, সংক্রামক রোগে আক্রান্ত ব্যক্তি এবং ক্যান্সারের চলমান চিকিৎসা প্রাপ্ত রোগী।
নির্দেশনার মূল লক্ষ্য হচ্ছে হজের মতো শারীরিকভাবে পরিশ্রমসাপেক্ষ ইবাদতের সময় যাত্রীদের স্বাস্থ্যঝুঁকি কমানো। স্বাস্থ্য পরীক্ষা ও টিকা না থাকলে সৌদি প্রবেশ নিষিদ্ধ হবে; প্রয়োজনে কোয়ারেন্টিনে রাখা বা অতিরিক্ত স্বাস্থ্য মূল্যায়নও করা হবে।
সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বিগত কয়েক বছরের হজ আয়োজন এবং বৈশ্বিক মহামারির অভিজ্ঞতা কাজে লাগিয়ে নতুন নির্দেশিকা তৈরি করা হয়েছে। এটি বৃহৎ জনসমাগমে সংক্রমণ ও চিকিৎসাজনিত ঝুঁকি নিয়ন্ত্রণে সহায়ক হবে। মন্ত্রণালয় জানিয়েছে, “প্রত্যেক হাজি নিরাপদ, সুস্থ ও নির্বিঘ্নে হজ পালন করুন—এটাই আমাদের প্রত্যাশা।”
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.