আদালত প্রতিনিধি
আপডেট: ২০২৫-১০-০৭ , ০৪:৫১ পিএম
ছবি: নাগরিক পত্রিকা
ঢাকার তেজগাঁও থানার সন্ত্রাস বিরোধী আইনের মামলায় সন্ধিগ্ধ আসামি হিসেবে গ্রেপ্তার সংরক্ষিত নারী আসনের সাবেক সাংসদ তামান্না নুসরাত বুবলীসহ আওয়ামী লীগের ৮ জনকে দুই দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ। একই মামলায় এজাহারভুক্ত ৯ আসামির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
পৃথক আবেদনের শুনানি নিয়ে ঢাকার মহানগর হাকিম সাইফুজ্জামান এ আদেশ দেন বলে জানিয়েছে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী।
তামান্না নুসরাত বুবলী ২০১১ সালে সন্ত্রাসী হামলায় নিহত নরসিংদী পৌরসভার সাবেক মেয়র লোকমান হোসেনের স্ত্রী।
দুই দিনের রিমান্ডে যাওয়া অন্য ৭ জন হলেন—ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সহ-সভাপতি মাহবুবুল হক হিরক, বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের সম্পাদক ও শেখ হাসিনা তৃণমূল সংগ্রামী লীগের নেতা আলম মাতবর, শ্রমিক লীগ নেতা আব্দুর রাজ্জাক শাকিল, আওয়ামী লীগ নেতা রিয়াজ উদ্দিন আহমেদ মানিক, বঙ্গবন্ধু সৈনিক লীগের সদস্য নজরুল ইসলাম সুমন, সাইফুল ইসলাম ও ফাহাদ হোসেন বাবু।
তিন দিনের রিমান্ডে যাওয়া এজাহারভুক্ত ৯ আসামি হলেন—সিরাজগঞ্জের মাধাইনগর ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি নাইবুর রহমান নাইস, গাজীপুরের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আরিফ মোল্লা, সোলাইমান মিয়া, আজিজ, আওয়ামী লীগ নেতা ফারুক হোসেন, সিহাব শাহরিয়ার, আওয়ামী লীগ কর্মী মামুন, ইনজামুল হক ও ছাত্রলীগ কর্মী ফরহাদ পালোয়ান।
মামলার তদন্ত কর্মকর্তা তেজগাঁও থানার এসআই আনোয়ার হোসেন খান গ্রেপ্তার ১৭ আসামির ১০ দিন করে রিমান্ড চেয়ে গত ৩০ সেপ্টেম্বর দুটি আবেদন করেন। আদালত আসামিদের উপস্থিতিতে শুনানির জন্য মঙ্গলবার দিন ঠিক করেছিলেন। এদিন শুনানিকালে আসামিদের আদালতে হাজির করা হয়।
রাষ্ট্রপক্ষে পিপি ওমর ফারুক ফারুকী রিমান্ড আবেদন মঞ্জুরের পক্ষে শুনানি করেন। বুবলীর পক্ষে মোর্শেদ হোসেন শাহীন রিমান্ড আবেদন বাতিল চেয়ে জামিন আবেদন করেন। অপর আসামিদের পক্ষে ফারজানা ইয়াসমিন রাখী, জাহাঙ্গীর আলমসহ কয়েকজন আইনজীবী রিমান্ড আবেদন বাতিল চেয়ে জামিন আবেদন করেন। শুনানি নিয়ে আদালত রিমান্ডের আদেশ দেন।
মামলার বিবরণ অনুযায়ী, গত ২৪ সেপ্টেম্বর দুপুরে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ এবং এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ডেইলি স্টার কার্যালয়ের সামনে থেকে মিছিল নিয়ে পান্থপথ অভিমুখে অগ্রসর হয়। জনমনে ভীতি সৃষ্টি করার জন্য তারা ককটেল বিস্ফোরণ ঘটায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যাচ্ছিল। এ সময় ২৫ জনকে আটক করে পুলিশ। তাদের কাছ থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ব্যানার ও চারটি অবিস্ফোরিত ককটেল জব্দ করে পুলিশ।
এ ঘটনায় পরদিন তেজগাঁও থানার এসআই আব্দুল কাদের ২৫ জনকে আসামি করে সন্ত্রাস বিরোধী আইনে মামলা করেন।
গত ২৮ সেপ্টেম্বর রাতে বিশেষ অভিযানে মিরপুর থেকে তামান্না নুসরাত বুবলীকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন তাকে কারাগারে পাঠানো হয়।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.