নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২৫-০৯-১৭ , ০৮:৪৮ এএম
ছবি: নাগরিক পত্রিকা
আমদানি করা প্লাস্টিক স্ক্র্যাপ ছাড়করণে ঘুষ নেওয়ার সময় চট্টগ্রাম কাস্টমসের শুল্ক বিভাগের সহকারী রাজস্ব কর্মকর্তা রাজীব রায় ও তার সহযোগীকে হাতেনাতে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের চট্টগ্রাম-১ জেলা কার্যালয়ের বিশেষ দল আজ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) অভিযান পরিচালনা করে।
দুদকের চট্টগ্রাম-১ জেলা কার্যালয়ের উপপরিচালক আক্তারুল ইসলাম ঘুষের টাকাসহ কর্মকর্তা গ্রেপ্তারের তথ্য জানিয়েছেন।
দুদক এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, হোমল্যান্ড প্লাস্টিক স্যু ইন্ডাস্ট্রিজের মালিক আমির হোসেন জাপান থেকে আমদানি করা প্লাস্টিক স্ক্র্যাপ ছাড়করণের জন্য চট্টগ্রাম কাস্টমসে কাগজপত্র দাখিল করেন। এ সময় সহকারী রাজস্ব কর্মকর্তা রাজীব রায় ও ছারওয়ার উদ্দিন নির্ধারিত শুল্কের অতিরিক্ত ৩০ হাজার টাকা ঘুষ দাবি করেন। টাকা না দিলে পণ্য ছাড়ে বিলম্ব ও নিলামে বিক্রির হুমকি দেন তারা।
এ ঘটনায় ব্যবসায়ী আমির হোসেন দুদক চট্টগ্রাম কার্যালয়ে অবহিত করলে কমিশনের অনুমোদনক্রমে ফাঁদ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে আজ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় ছদ্মবেশে ঘুষ লেনদেন পর্যবেক্ষণের সময় সহকারী রাজস্ব কর্মকর্তা রাজীব রায় ও তার সহযোগী মাইনুদ্দীনকে ৩০ হাজার ঘুষের টাকাসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
অভিযান শেষে আলামতের জব্দ তালিকা তৈরি, সাক্ষীদের বক্তব্য গ্রহণসহ আইনানুগ কার্যক্রম শেষ করে গ্রেপ্তারদের থানায় সোপর্দ করা হয়েছে। মামলার তদন্তে সংশ্লিষ্ট অন্যান্য আসামিদেরও আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছে দুদক।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.