নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২৫-০৯-১৫ , ০৯:৩০ এএম
ছবি: নাগরিক পত্রিকা
চাঁদপুর শহরের পৌর কবরস্থানে দাফনের ঠিক আগ মুহূর্তে নড়ে উঠল নবজাতক। জীবিত নবজাতককে দাফন করতে আসা স্বজনরা পালিয়ে যায় বলে স্থানীয়দের দাবি। পরে নবজাতককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে। কবরস্থানে দাফনের জন্য আনা হলে আযান শুনেই নবজাতক নড়েচড়ে ওঠে। খবর পেয়ে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে শহরের ফেমাস স্পেশালাইজড হসপিটাল এন্ড ট্রমা সেন্টারের এনআইসিইউতে ভর্তি করে। বর্তমানে নবজাতকটি চিকিৎসাধীন রয়েছে।
ঘটনাটি জানাজানি হলে সামাজিক যোগাযোগমাধ্যমে নিন্দার ঝড় ওঠে। ফেসবুকে অসংখ্য মানুষ মানবিক ক্ষোভ প্রকাশ করছেন এবং শিশুটিকে দত্তক নেওয়ার আগ্রহ দেখিয়ে হাসপাতালে ভিড় করছেন।
স্থানীয়দের অভিযোগ, শিশুটিকে কবরস্থানে ফেলে যাওয়া ব্যক্তিকে শনাক্ত করতে আশপাশের সিসি ক্যামেরা ও নিকটবর্তী হোটেলের ফুটেজ পর্যালোচনা করা উচিত। সচেতন মহল বলছে, এ ধরনের অমানবিক কর্মকাণ্ডে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা জরুরি।
পৌর কবরস্থানের কবর খোদক শাহজাহান জানান, দুপুরে ৩০ থেকে ৩৫ বছর বয়সী অজ্ঞাত এক ব্যক্তি একটি কার্টনে শিশুটিকে নিয়ে আসেন। শিশুটি মৃত বলে দাবি করে দ্রুত কবর দিতে বলেন তিনি। কিন্তু দাফনের আগে আযান দেওয়া হলে নবজাতক নড়ে ওঠে।
হাসপাতালের এইচআর এডমিন কামরুল ইসলাম জুগলু জানান, স্থানীয় গণমাধ্যমকর্মীরাই নবজাতকটিকে হাসপাতালে নিয়ে আসেন। ছেলে নবজাতকটিকে তাৎক্ষণিক এনআইসিইউতে রেখে চিকিৎসা শুরু করা হয়। বর্তমানে হাসপাতাল মালিক সমিতির সাধারণ সম্পাদক জিএম শাহিন শিশুটির দায়িত্ব নিয়েছেন।
ফেমাস স্পেশালাইজড হসপিটাল এন্ড ট্রমা সেন্টারের সিনিয়র মেডিকেল অফিসার (এনআইসিইউ) ডা. ছোটন মিয়াজী বলেন, “শিশুটির ওজন মাত্র ৮০০ গ্রাম এবং আজই জন্ম হয়েছে। প্রথমে অক্সিজেন লেভেল কম ছিল। এখন সর্বোচ্চ চিকিৎসা সেবা দেয়া হচ্ছে। ”
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.