নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২৫-০৮-৩০ , ০৮:১৪ এএম
ছবি: নাগরিক পত্রিকা
চিকিৎসাধীন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের শারীরিক অবস্থার খোঁজ-খবর নিতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে গিয়ে তোপের মুখে পড়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। শুক্রবার (২৯ আগস্ট) রাত পৌনে ১২টার দিকে ঢামেকের জরুরি বিভাগে পৌঁছান তিনি।
ওই সময় হামলার ঘটনায় বিক্ষুব্ধ গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের তোপের মুখে পড়েন তিনি। একই সময় জরুরি বিভাগের সামনে অবস্থান নিয়ে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দেন নেতাকর্মীরা।
এ ঘটনায় কিছুক্ষণ অবরুদ্ধ অবস্থায় ছিলেন আইন উপদেষ্টা। পরে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খানসহ অন্যান্য সিনিয়র নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি কিছুটা শান্ত হলে নুরুল হক নুরের শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন তিনি। একপর্যায়ে কেন্দ্রীয় শহিদ মিনারের পাশের একটি গেট দিয়ে হাসপাতাল এলাকা ত্যাগ করেন আসিফ নজরুল।
এর আগে শুক্রবার রাতে রাজধানীর কাকরাইলের বিজয়নগরে জাতীয় পার্টির নেতাকর্মীদের সঙ্গে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের সংঘর্ষ হয়। পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে এবং দুই পক্ষকেই শান্ত থাকতে আহ্বান জানায়।
ওই সময় বারবার অনুরোধ সত্ত্বেও কিছু নেতাকর্মীরা তা উপেক্ষা করে মব ভায়োলেন্সের মাধ্যমে পরিস্থিতি অশান্ত করার চেষ্টা করে। একপর্যায়ে দুই পক্ষকেই ছত্রভঙ্গ করতে আইনশৃঙ্খলা বাহিনী তাদের ওপর বল প্রয়োগ করে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
এ ঘটনায় গুরুতর আহত হলে প্রথমে নুরুল হক নুরকে রাজধানীর ইসলামিয়া হাসপাতালে নেয়া হয়। পরে চিকিৎসকদের পরামর্শে রাত ১১টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) জরুরি বিভাগে স্থানান্তর করা হয়। জানা গেছে, মস্তিষ্কে রক্তক্ষরণ নিয়ে বর্তমানে নুরুল হক নুর ঢামেকের আইসিইউতে চিকিৎসাধীন।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.