নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২৫-০২-১৮ , ০৮:৫৫ পিএম
ছবি: নাগরিক পত্রিকা
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ছাত্ররাজনীতি বন্ধের দাবি নিয়ে দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনায় অন্তত ৩০ জন আহত হয়েছেন। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে দুই প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
আজ মঙ্গলবার দুপুর থেকে শুরু হওয়া সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়া বিকেল পর্যন্ত চলে। আহতদের কুয়েটের অ্যাম্বুলেন্সে করে বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
বর্তমানে সংঘর্ষ থামলেও কুয়েট ও আশপাশের এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত রয়েছেন।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে দুই প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
এর আগে মঙ্গলবার সকালে ক্যাম্পাসের রাজনীতি ফেরানো, শিক্ষার্থীদের মারধর, মাইক কেড়ে নেওয়াসহ বিভিন্ন অভিযোগ এনে রাজনীতি বন্ধের দাবিতে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এ সময় ছাত্রদলের নেতা-কর্মীদের ধাওয়া দেন সাধারণ শিক্ষার্থীরা। পরে উপাচার্যের বাসভবনের সামনে অবরোধ করে বিভিন্ন দাবিতে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীদের একটি অংশ। দুপুরে ছাত্রদলের নেতা কর্মীরা একত্রিত হয়ে ক্যাম্পাসে এলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।
এদিকে কুয়েটের শিক্ষার্থীদের ওপর ছাত্রদলের হামলার অভিযোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ঘোষণা দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, খুলনা মহানগর ও খুলনা জেলা কমিটি।
রাত সাড়ে ৮টার দিকে নগরীর শিববাড়ি মোড়ে এ কর্মসূচি পালন করা হবে বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা নাইম মল্লিক।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.