নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২৫-০১-০৭ , ০৮:৫৬ এএম
ছবি: নাগরিক পত্রিকা
কাগজের ভয়াবহ সংকট দেখা দিয়েছে। এতে বিপাকে পড়েছেন প্রেস মালিকরা। তারা কাগজসংকটে কার্যাদেশ পেয়েও বই ছাপাতে পারছেন না। জানা গেছে, ১১৬টি ছাপাখানা দিনে ৪০ লাখ কপি পাঠ্যবই ছাপাতে পারে। তবে কাগজসংকটের কারণে তারা দিনে ২০ লাখের বেশি ছাপাতে পারছে না।
সম্প্রতি ঢাকা জেলা প্রশাসককে পাঠানো শিক্ষা মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়েছে, ষষ্ঠ থেকে দশম শ্রেণির নতুন পাঠ্যবই ছাপা পুরো জানুয়ারি মাস জুড়ে চলবে। এ সময়ে ৪০ কোটি পাঠ্যবই ছাপার কাজে নিযুক্ত প্রেসসমূহে যেন নোট ও গাইড বই, ডায়ারি, ক্যালেন্ডার ইত্যাদি ছাপতে না পারে তা নিশ্চিত করতে ম্যাজিস্ট্রেট নিয়োগ ও মোবাইল কোর্ট পরিচালনার জন্য বলা হলো। চিঠিতে ঢাকা জেলা প্রশাসককে ১১৬টি প্রেসের ঠিকানাও দেওয়া হয়েছে। আরো কয়েক জন জেলা প্রশাসককে একই চিঠি পাঠানো হয়েছে বলে জানা গেছে।
জানা গেছে, প্রতিদিন পাঠ্যবই ছাপানোর জন্য যে পরিমাণ কাগজ তাদের প্রয়োজন, তার অর্ধেক কাগজই তারা পাচ্ছেন না। সংকটকে পুঁজি করে কাগজের মিল মালিকদের একটি সিন্ডিকেট ১০ দিনের ব্যবধানে টনপ্রতি কাগজের মূল্য ২০ হাজার থেকে ২৫ হাজার টাকা বাড়িয়ে দিয়েছে। তাও আবার মান নিম্নমানের। অধিক মূল্যে ক্রয় করে এসব কাগজে বই ছাপাতে গেলে এনসিটিবির মনিটরিং টিম রিজেক্ট করে দিচ্ছে। মাত্র চারটি মিল কোম্পানি ভালো মানের কাগজ সরবরাহ করছে। তবে তারা চাহিদা অনুযায়ী সরবরাহ করতে পাচ্ছে না। কাগজের মূল্য বৃদ্ধি ও সংকটের এই বিষয়টি শিক্ষা মন্ত্রণালয় ও এনসিটিবিকে অবহিত পৃষ্ঠা করেছেন প্রেস মালিকরা।
তবে এনসিটিবির কর্মকর্তারা বলেন, প্রেস মালিকরা বুঝেশুনেই দরপত্র দিয়ে কাজ নিয়েছেন। যেভাবেই হোক তারা বই দেবেন। সঠিক সময়ে বই দিতে না পারলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। প্রেস মালিকরা বলেন, অন্যান্য বছর সেপ্টেম্বর মাসে বই ছাপানোর কাজ শুরু হয়। এবার শুরু হয়েছে ডিসেম্বরে। ছয় মাসের কাজ এক মাসে শেষ করতে এমনিতে তাদের রীতিমতো হিমশিম খেতে হচ্ছে। তার ওপর কাগজের সংকটে তারা দিশেহারা। কয়েকটি ছাপাখানা পাঠ্যবই না ছেপে গাইড বই ছাপানোর ঘটনা পরিস্থিতি আরো খারাপের দিকে যাচ্ছে।
গাইড বই ছাপিয়ে কারখানায় মজুত রাখা হয়েছে: অনুসন্ধানে জানা গেছে, গত ১৫ বছর ধরে অবৈধ গাইড বইয়ের রমরমা বাণিজ্য করে আসছে লেকচার, পাঞ্জেরী, অ্যাডভান্সড, পপিসহ ৫০টি পাবলিকেশন্স। এদের অধিকাংশই আবার পাঠ্যবই ছাপানোর কাজও পেয়েছে। কিন্তু তারা পাঠ্যবইকে গুরুত্ব না দিয়ে গাইড বই ছাপানোর কাজ ইতিমধ্যে সম্পন্ন করেছে। ছাপানো গাইড বইগুলো তারা কারখানায় মজুত করে রেখেছে।
দুটি প্রেস থেকে অবৈধ নোট গাইড ধ্বংস
সরকারের সিদ্ধান্ত অমান্য করে যে-সব প্রেস নোট-গাইড ছাপার কাজ করছে তাদের নিয়ন্ত্রণ করতে এবার কঠোর অবস্থানে গেছে সরকার। জানা গেছে, গতকাল সোমবার শিক্ষা মন্ত্রণালয় থেকে অভিযান পরিচালনা করে দুটি প্রেস থেকে অবৈধ নোট গাইড ধ্বংস করা হয়েছে। এরমধ্যে রয়েছে লেটার এন্ড কালার প্রিন্ট এবং অনুপম প্রিন্ট নামের দুটি প্রিন্টিং প্রতিষ্ঠান। যারা ২০২৫ শিক্ষাবর্ষে এনসিটিবির বই ছাপানোর কাজ করছেন।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.