চালে বস্তা প্রতি বেড়েছে ৩শ’ টাকা

 নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২৫-০১-০৩ , ০২:০৭ পিএম

চালে বস্তা প্রতি বেড়েছে ৩শ’ টাকা ছবি: নাগরিক পত্রিকা

ছরের প্রথম সপ্তাহেই রাজধানীর বাজারে চড়া চালের দাম। কেজিতে বেড়েছে ১২ টাকা পর্যন্ত। দু-সপ্তাহ আগে যে মিনিকেট ছিল ৬৮ থেকে ৭৫ টাকা তা আজ শুক্রবার বিক্রি হচ্ছে ৭৮ থেকে ৮০ টাকায়। ৭০ থেকে ৭৮ টাকার নাজিরশাইলের জন্য এখন গুনতে হচ্ছে ৮০ থেকে ৮৬ টাকা। এতে করে ২৫ কেজির প্রতি বস্তায় বেড়েছে ৩শ’ টাকা করে।

আর এর কারণ হিসেবে ধানের বাড়তি দামকে দুষছেন বিক্রেতারা। খুচরা ও পাইকারি ব্যবসায়ীদের দাবি, ধানের দাম বাড়াতেই চালের দামও বাড়াচ্ছে মিলাররা। 

এদিকে, বাজার ঘুরে দেখা যায়, সরবরাহ স্বাভাবিক থাকার কারণে সহনীয় মূল্যে বিক্রি হচ্ছে শীতের সবজি। গত সপ্তাহের ৪০ টাকা কেজি মুলা আজ বিক্রি হচ্ছে ২০ থেকে ৩০ টাকায়, ৬০ টাকার গোল বেগুন ৫০ টাকা, লম্বা বেগুন ৩০ টাকা থেকে ৪০, ৪০ টাকার কলার হালি ৩০ টাকা, লাউ প্রতিটি ৪০ টাকায় বিক্রি হচ্ছে।

ফুলকপি ও বাঁধাকপি বিক্রি হচ্ছে ৩০ টাকায়, পেঁপে ৩০ টাকা, শালগম ৪০ টাকা, শিম ৪০ থেকে ৫০ টাকা, শসা ও টমেটো ৫০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

বাজার ঘুরে আলু ও পেঁয়াজের দামও কিছুটা কম দেখা গেছে। গত সপ্তাহের ৫৫-৬০ টাকার আলু বিক্রি হচ্ছে ৫০ থেকে ৫৫ টাকায়। দেশি পেঁয়াজ প্রতি কেজি ৫০ থেকে ৫৫ টাকা।

ফার্মের ডিম বিক্রি হচ্ছে ১৩০ থেকে ১৩৫ টাকা ডজনে। ব্রয়লার মুরগির দাম প্রায় গত সপ্তাহের মতোই। প্রতি কেজি বিক্রি হচ্ছে ২০০ থেকে ২১০ টাকায়। এছাড়া গরুর মাংসের কেজি ৭০০ থেকে ৭৫০ টাকা।