রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময়ের জামিন নামঞ্জুর

 নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২৫-০১-০২ , ১২:১৩ পিএম

রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময়ের জামিন নামঞ্জুর ছবি: নাগরিক পত্রিকা

ট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানায় দায়ের হওয়া রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার ইসকনের বহিষ্কৃত নেতা চিন্ময় কৃষ্ণ দাসের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো. সাইফুল ইসলামের আদালত দুই পক্ষের যুক্তিতর্ক শুনে বিচারক এ সিদ্ধান্ত দেন।

তবে জামিন শুনানিতে চিন্ময় কৃষ্ণ দাসকে আদালতে হাজির করা হয়নি। চিন্ময়ের জামিন শুনানিতে অংশ নিয়েছেন সুপ্রিম কোর্টের ১১ আইনজীবীর একটি দল।

চট্টগ্রাম মহানগর আদালতের পাবলিক প্রসিকিউটর মফিজুল হক ভূইয়া নাগরিক পত্রিকাকে বলেন, ‘শুনানি শেষে চিন্ময়ের জামিন আবেদন না মঞ্জুর করেছেন আদালত।’

এই শুনানিকে কেন্দ্র করে আদালত এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাপক ব্যবস্থা নেওয়া হয়েছে। যেসব বিচারপ্রার্থী আদালতে আসছেন তাদের কাগজপত্র দেখে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। আদালতের দুটি ঢোকা ও বেরোনোর পথে বিপুল সংখ্যক পুলিশ, বিজিবি ও সেনাসদস্য মোতায়েন রয়েছেন। সেই সঙ্গে সাদা পোশাকেও আছে পুলিশ।

চট্টগ্রাম মহানগর পুলিশের উপকমিশনার (প্রসিকিউশন) এএএম হুমায়ুন কবির নাগরিক পত্রিকাকে বলেন, ‘আজ বৃহস্পতিবার চিন্ময় কৃষ্ণকে আদালতে তোলা হয়নি। তবে জামিন শুনানিকে কেন্দ্র করে আদালতে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আইনজীবী যারা এসেছেন তাদের নিরাপত্তার কথা বিবেচনা করেই বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে।

এর আগে ৩ ডিসেম্বর (মঙ্গলবার) চিন্ময় কৃষ্ণ দাসের জামিন শুনানির দিন ধার্য ছিল। এর আগে ২৬ নভেম্বর তাকে আদালতে আনার সময় ব্যাপক সংঘর্ষ হয় আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীদের সঙ্গে চিন্ময় দাসের অনুসারীদের। যার ফলস্বরূপ অ্যাডভোকেট আলিফ মারা যান। এ পরিস্থিতি এড়াতে আজ বৃহস্পতিবার কড়া নিরাপত্তা বেষ্টনীর ব্যবস্থা নেওয়া হয়েছে।