গ্রেফতারের আগে ২৫ লাখ রুপি দিতে চেয়েছিলেন আল্লু অর্জুন!

 বিনোদন ডেস্ক
আপডেট: ২০২৪-১২-১৩ , ০৬:৩৪ পিএম

গ্রেফতারের আগে ২৫ লাখ রুপি দিতে চেয়েছিলেন আল্লু অর্জুন! ছবি: ইন্টারনেট

তেলেগু সুপারস্টার আল্লু অর্জুনকে গ্রেফতার করেছে ভারতের হায়দারাবাদ পুলিশ।  হায়দারাবাদের ‘সন্ধ্যা থিয়েটার’-এ অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। গত ৪ ডিসেম্বর হায়দারাবাদের ‘সন্ধ্যা থিয়েটার’-এ ‘পুষ্পা টু: দ্য রুল’ সিনেমার প্রিমিয়ারে পদদলিত হয়ে এক নারী ভক্তের মৃত্যু ঘটে।

এতে ওই নারীর পরিবার থানায় মামলা করেন। সে মামলার তদন্তে নেমেই পুলিশ গ্রেফতার করেছে অভিনেতাকে। আল্লু অর্জুনের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস। শুক্রবার (১৩ ডিসেম্বর) দুপুরে অভিনেতাকে গ্রেফতার করা হয়।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন থেকে জানা যায়, নিহত ভক্তের নাম রেবতী। ঘটনার ওইদিন রেবতীর সঙ্গে ছিল তার ৯ বছর বয়সী ছেলে শ্রীতেজ। ঘটনাস্থলে শ্রীতেজ গুরুতর আহত হলে দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ৯ বছর বয়সী সে শিশু।

এরআগে, একটি ভিডিও বার্তায় আল্লু বলেন, এই যন্ত্রণা আপনাদের একার যন্ত্রণা নয়। সিনেমা সংশ্লিষ্ট সকলেই এই ঘটনায় মর্মাহত।

সোশ্যাল মিডিয়ায় নিহত ভক্তের পরিবারকে ২৫ লাখ রুপি (বাংলাদেশি মুদ্রায় ৩৫ লাখ টাকা) সহায়তা দেয়ারও ঘোষণা দেন আল্লু। জানান, আহত শিশুর যাবতীয় চিকিৎসার খরচেও পাশে থাকবেন ‘পুষ্পা’ খ্যাত এ অভিনেতা।