নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২৪-১২-১১ , ০৬:২০ পিএম
ছবি: ইন্টারনেট
সরকার ঘোষিত বার্ষিক ইনক্রিমেন্ট-এর পরিমাণ ৪ শতাংশ বৃদ্ধি প্রত্যাখ্যান করে ১৫ শতাংশ করার দাবিতে আন্দোলন করছেন পোশাক কারখানার শ্রমিকরা। শ্রমিকদের আন্দোলন ও কর্মবিরতির মুখে আজ বুধবার (১১ ডিসেম্বর) আশুলিয়ার অন্তত ৩৫টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
শ্রমিকরা জানান, সরকার ঘোষিত বার্ষিক ইনক্রিমেন্ট ৪ শতাংশ বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছেন আন্দোলনকারীরা। তারা ১৫ শতাংশ বার্ষিক ইনক্রিমেন্ট বৃদ্ধির দাবি জানিয়েছেন। অন্যথায় শ্রমিকেরা শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাবে বলে জানান তারা।
সরেজমিনে খোঁজ নিয়ে জানা যায়, আশুলিয়ার নরসিংহপুর এলাকার হামীম গ্রুপ, শারমীন গ্রুপ, মেডলার, নেক্সট কালেকশন, আল মূসলীম, সেতারা গ্রুপ, নিউ এইজ, ডেকো, বান্দু ডিজাইন, ভিনটেজ, নীট এশিয়া, মানতা, ডেবনিয়ার, অরবিটেক্স, এএম ডিজাইন, ইসলাম গার্মেন্টস, দ্যা রোজ, অ্যাপারেলস গ্যালরি, এথিকালসহ বেশ কিছু কারখানার শ্রমিকরা সকালে কারখানায় এলেও ইনক্রিমেন্ট বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে কর্মবিরতি পালন করে।
শ্রমিকদের আন্দোলনের কারণে নাসা ও ট্রাউজার লাইন শ্রম আইনের ১৩ (১) ধারায় তাদের কারখানা বন্ধ ঘোষণা করে। শ্রমিকরা কোনো বিশৃঙ্খলা বা ঝামেলা না করলেও বর্ধিত বেতনে সন্তুষ্ট না হওয়ায় তারা কর্মবিরতি পালন করে এবং কেউ কেউ কারখানা থেকে বেরিয়ে যায়।
শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার সারোয়ার আলম নাগরিক পত্রিকাকে বলেন, বার্ষিক ইনক্রিমেন্ট-এর পরিমাণ বাড়ানোর দাবিতে শ্রমিকরা কর্মবিরতি পালন করছেন। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
তবে স্টারলিং নামে একটি পোশাক কারখানার শ্রমিকরা তাদের কারখানায় ইটপাটকেল নিক্ষেপ করেছিলেন। বর্তমানে সেখানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ছাড়া হামিম গ্রুপ, শারমিন, মেডলার, আল-মুসলিম, নেক্সট কালেকশনসহ অন্তত ২৫টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে বলে জানান তিনি।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.