আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ২০২৪-১২-১১ , ০৫:১০ পিএম
ছবি: ইন্টারনেট
আটক বাংলাদেশি ৭৮ নাবিকসহ দুইটি ট্রলারের ছবি প্রকাশ করেছে ভারতীয় কোস্টগার্ড। মঙ্গলবার (১০ ডিসেম্বর) রাতে সংস্থাটির অফিশিয়াল ফেসবুক পেজে এ–সংক্রান্ত মোট তিনটি ছবি প্রকাশ করা হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের ‘ইন্ডিয়ান কোস্টগার্ড’পেজের এক পোস্টে উল্লেখ করা হয়, ‘ভারতীয় সমুদ্রসীমায় মৎস্য আহরণের অভিযোগে এক অভিযানে ট্রলার দুইটিসহ ৭৮ নাবিককে আটক করা হয়েছে। নাবিকসহ ট্রলার দুটি প্যারা দ্বীপের কাছে নেয়া হয়েছে।’
ভারতীয় কোস্টগার্ড ফেসবুক পোস্টে যেসব ছবি পোস্ট করেছে, তার একটিতে দেখা যাচ্ছে, আটক ট্রলারের নাবিকেরা নৌযানের ডেকের ওপর হাত মাথার পেছনে রেখে হাঁটু গেড়ে বসে আছেন। এতে নাবিকদের পেছনে ভারতীয় কোস্টগার্ডের সদস্যদের দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। আরেকটি ছবিতে দেখা যায়, সাগরে চলছে বাংলাদেশের দুইটি ট্রলার। তৃতীয় ছবিতে জেটিতে ট্রলার দুটি নিয়ে আসার দৃশ্য দেখা গেছে।
মূলত ভারতীয় কোস্টগার্ডের হাতে আটক এই দুটি নৌযান হলো এফভি লায়লা-২ ও এফবি মেঘনা-৫। এফভি লায়লা-২ ট্রলারটি এস আর ফিশিং নামের প্রতিষ্ঠানের। অপর দিকে এফভি মেঘনা-৫ নামের ট্রলারটি সিঅ্যান্ডএফ অ্যাগ্রো লিমিটেডের মালিকানাধীন।
সিঅ্যান্ডএফ অ্যাগ্রো লিমিটেডের নির্বাহী পরিচালক সুমন সেন দেশের একটি সংবাদমাধ্যমকে বলেন, ‘সোমবার সকালে ট্রলার দুটি বাংলাদেশের সমুদ্রসীমার এক নটিক্যাল মাইল ভেতরে মাছ ধরছিল। এ সময় ভারতীয় কোস্টগার্ড ট্রলার দুটি আটক করে নিয়ে যায়। এখন যেহেতু ভারতীয় কোস্টগার্ড আটক করেছে বলে ফেসবুকে জানিয়েছে, তাই আইনি প্রক্রিয়ায় যাতে উদ্ধার করা যায়, সে জন্য বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট পক্ষকে জানিয়েছি আমরা।’
এদিকে নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমোডর মোহাম্মদ মাকসুদ আলম মঙ্গলবার দেশের একটি সংবাদমাধ্যকে বলেন, ঘটনার পর বাংলাদেশের কোস্টগার্ডসহ সরকারি সংস্থাগুলোর তরফে ভারতের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। ট্রলার দুটি উদ্ধারে পদক্ষেপ নেয়া হচ্ছে। পাশাপাশি আটক নাবিকেরা ভালো আছেন বলেও জানান তিনি।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.