উন্মুক্ত আদালতে রায় দেওয়ার নির্দেশ হাইকোর্টের

 আদালত প্রতিবেদক
আপডেট: ২০২৩-০৩-১৩ , ১১:৫৬ এএম

উন্মুক্ত আদালতে রায় দেওয়ার নির্দেশ হাইকোর্টের ছবি: নাগরিক পত্রিকা

খাস কামরায় নয়; বরং উন্মুক্ত আদালতে যেকোনো মামলার রায় ও জামিন দিতে বলে নিম্ন আদালতের প্রতি নির্দেশনা দিয়েছেন হাইকোর্ট। অনলাইন জুয়ার হোতা সেলিম প্রধানের জামিন বাতিল করে সোমবার (১৩ মার্চ) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ এ নির্দেশনা দেন।

গত ১৮ ফেব্রুয়ারি অবৈধ সম্পদ অর্জন ও অর্থপাচারের মামলায় অনলাইন ক্যাসিনোর গডফাদার সেলিম প্রধানকে বিশেষ জজ আদালতের দেওয়া জামিন বাতিল করেন হাইকোর্ট। একইসঙ্গে মামলাটি ঢাকার বিশেষ জজ আদালত-৬ থেকে অন্যত্র বদলির নির্দেশ দেওয়া হয়।

বদলিকৃত আদালতের বিচারককে রেকর্ড পাওয়ার চার মাসের মধ্যে মামলার বিচার শেষ করতে বলা হয়েছে।

এ সংক্রান্ত মামলার শুনানি শেষে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ এ রায় দিয়েছিলেন। এ মামলায় ২৩ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় আজ প্রকাশ করেছেন হাইকোর্ট।