নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২৩-০৩-০৪ , ০৬:৪৪ পিএম
ছবি: নাগরিক পত্রিকা
চট্টগ্রাম নগরীতে একটি ক্ললেস হত্যাকাণ্ডের ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পিবিআই সদস্যরা। পিবিআই চট্টগ্রাম মেট্রো জোনের সদস্যরা ঢাকার ধানমণ্ডি থানাধীন মিনা বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে। পিবিআইর দাবি, হত্যাকাণ্ডে জড়িত থাকা ওই যুবকের নাম আব্দুর রহমান (৩২)। একই ঘটনায় অভিযুক্ত অপর একজন সিলেটি স্বপনকেও গ্রেফতারে পিবিআই সদস্যদের অভিযান অব্যাহত আছে বলে জানান পিবিআই চট্টগ্রাম মেট্রো।
জানা যায়, গত ২৭ ফেব্রেুয়ারি চট্টগ্রাম নগরীর টাইগারপাস রেলওয়ে কলোনীর এলাকার একটি টিনশেড ভাড়াঘর থেকে সালাউদ্দিন শেখ (৪৫)নামে এক ব্যক্তির গলাকাটা অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ। ঘটনাস্থল পরিদর্শনে যান সিআইডি ও পিবিআই চট্টগ্রাম মেট্রোর সদস্যরা। এ ঘটনায় সিএমপির খুলশী থানার এসআই জামাল উদ্দিন বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন।
তবে তাৎক্ষণিক এ ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
পিবিআই চট্টগ্রাম মেট্রো গণমাধ্যমকে জানায়, নগরীর টাইগারপাস রেলওয়ে কলোনীর এলাকার একটি টিনশেড ভাড়াঘর থেকে সালাউদ্দিন শেখ (৪৫)নামে এক ব্যক্তির গলাকাটা অর্ধগলিত লাশ পাওয়া যায়। এ ঘটনায় পুলিশ ও অন্যান্য তদন্তকারী সংস্থার পাশাপাশি পিবিআইও ছায়া তদন্ত শুরু করে।
হত্যাকাণ্ডের ঘটনা সম্পর্কে পিবিআই গ্রেফতারকৃত সালাউদ্দিনকে জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে গণমাধ্যমকে জানায়, হত্যাকাণ্ডের শিকার সালাউদ্দিন এবং পলাতক অভিযুক্ত সিলেটি স্বপন একরুমে ভাড়া থাকতো। অপর অভিযুক্ত আব্দুর রহমান টাইগারপাস এলাকায় দুলালের চায়ের দোকানে কাজ করত। ওই চায়ের দোকানে আসা-যাওয়ার সূত্রে সালাউদ্দিন ও পলাতক অভিযুক্ত সিলেটি স্বপনের সাথে অভিযুক্ত আব্দুর রহমানের পরিচয় হয়। আব্দুর রহমানের থাকার সমস্যা হওয়ায় ভিকটিম সালাউদ্দিন ও অভিযুক্ত সিলেটি স্বপন একবাসায় থাকতে শুরু করে।
পিবিআই জানায়, একসাথে থাকার সূত্র ধরে তারা হালিশহর আবাহনী মাঠ ও পলোগ্রাউন্ড বাণিজ্য মেলার বিভিন্ন স্টল তৈরির কাজ করতো। কাজের মজুরীর টাকা সালাউদ্দিন গ্রহন করলেও টাকার ভাগবাটোয়ারা নিয়ে সালাউদ্দিনকে অপর দু’জন সন্দেহ করতো। এছাড়া বাসায় তারা সবাই পানি কিনে ব্যবহার করতো। সালাউদ্দিন পানি বেশি ব্যবহার করতো-এমন বিষয়গুলো নিয়ে সালাউদ্দিনের সাথে অপর দু’জনের মাঝে বেশ কয়েকবার কথাকাটাকাটিও হয়।
পিবিআই আরও জানায়, সিলেটি স্বপন ভিকটিম সালাউদ্দিনের কাছে বকেয়া বাবদ সাত হাজার টাকা পাবে বলে সালাউদ্দিনকে জানানে সালাউদ্দিন স্বপনকে প্রথমে সাড়ে তিন হাজার এবং পরে আরও দুই হাজারা টাকা পরিশোধ করে। কিন্তু বাকি দেড় হাজার টাকার জন্য স্বপন সালাউদ্দিনের ওপর চড়াও হয়। এ নিয়ে তাদের মাঝে সম্পর্কে ফাটল ধরে এবং স্বপন সালাউদ্দিনের ওপর ক্ষিপ্ত হয়ে উচিত শিক্ষা দিতে আব্দুর রহমান ও স্বপন পরিকল্পনা করে।
পিবিআই জানায়, গত ২৪ ফেব্রুয়ারি স্বপন ও আব্দুর রহমান কাজে না গিয়ে বাসায় ছিল। ওইদিন রাত আনুমানিক ১০টা থেকে সাড়ে ১০টায় সালাউদ্দিন কাজ শেষ করে ঘরে ফিরে ঘুমিয়ে পড়ে। স্বপন ও আব্দুর রহমানের পরিকল্পনা মতো তারা রাত অনুমানকি ১টার দিকে ঘুমন্ত সালাউদ্দিনকে গলায় ছুরি দিয়ে আঘাত করে স্বপন। এরপর আব্দুর রহমানও সালাউদ্দিনের গলায় আঘাত করে। ছুরির আঘাতে সালাউদ্দিন এক সময় নিস্তেজ হয়ে পড়লে গামছা দিয়ে সালাউদ্দিনের দু’হাত-পা বেধে ফেলে এবং সালাউদ্দিনকে কম্বল দিয়ে ঢেকে দেয়।
পিবিআই চট্টগ্রাম মেট্রো আরও জানায়, অভিযুক্ত আব্দুর রহমান ও স্বপন সালাউদ্দিনের মৃত্যু নিশ্চিত করে সালাউদ্দিনের মানিব্যাগে থাকা সাড়ে ৩শ’ টাকা নিয়ে দরজা বন্ধ করে প্রথমে রিক্সযোগে অলংকার যায়। ওখান থেকে বাসে করে ফেনী; ফেনী থেকে সিলেট যায়। সিলেট থেকে তারা নরসিংদী গেলেও অভিযুক্ত আব্দুর রহমান ফিরে যায় নারায়ণগঞ্জে। সেখান থেকে কুমিল্লা তার শ্বশুড়বাড়ি গেলেও পুলিশের ভয়ে পালিয়ে যায় ঢাকার ধানমণ্ডিতে তার স্ত্রীর কাছে।
পিবিআই জানায়, বিভিন্ন তথ্য ও প্রযুক্তি ব্যবহার করে ওই হত্যাকাণ্ডে জাড়িতদের শনাক্ত করা হয়। পরে গত ৩ মার্চ বিকালে ধানমন্ডি থানাধীন মিনা বাজারের সামনের রাস্তা এলাকা থেকে আব্দুর রহমানকে গ্রেফতার করে। পরে আব্দুর রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমাণ্ড মঞ্জুর করেছে চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত।
গ্রেফতারকৃত আব্দুর রহমান সন্দীপ উপজেলার হরিষপুর এলাকার আলাউদ্দিনের পুত্র।
এরআগে এ ঘটনায় চট্টগ্রাম নগরীর খুলশী থানায় এস আই জামাল উদ্দিন অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে একটি হত্যা মামলার এজাহার দায়ের করে। পরে ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হলে পিবিআই চট্টগ্রাম মেট্রো মামলার রহস্য উদঘাটনে ব্যাপক তৎপরতা শুরু করে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.