পাকিস্তানকে আরও ৫০ কোটি ডলার দিল চীন

 আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ২০২৩-০৩-০৪ , ০৫:৪২ পিএম

পাকিস্তানকে আরও ৫০ কোটি ডলার দিল চীন ছবি: নাগরিক পত্রিকা

মাত্র এক সপ্তাহের ব্যবধানে অর্থনৈতিক সংকটে টালমাটাল পাকিস্তানকে আরও ৫০ কোটি ডলার সহায়তা দিয়েছে চীন। পাকিস্তানের অর্থমন্ত্রী ইসাক দার শুক্রবার এক টুইটবার্তায় এ তথ্য নিশ্চিত করেন।

টুইটবার্তায় ইসাক দার জানান, পাকিস্তানের ঋণ সহায়তার জন্য আবেদন করার পর সম্প্রতি পাকিস্তানের জন্য ১৩০ কোটি ডলার ঋণ অনুমোদন করেছে চীনের রাষ্ট্রায়ত্ব ব্যাংক ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড কমার্শিয়ালি ব্যাংক লিমিটেড (আইসিবিসি)। তিন কিস্তিতে দেওয়া হবে এই ঋণের অর্থ; তারই প্রথম কিস্তি এসেছে শুক্রবার।

এর আগে গত ২৫ ফেব্রুয়ারি পাকিস্তানকে ৭০ কোটি ডলার সহায়তা দিয়েছিল চীনের রাষ্ট্রায়ত্ব প্রতিষ্ঠান চায়না ডেভেলেপমেন্ট ব্যাংক।

টুইটবার্তায় ইসাক দার জানিয়েছেন, তিন কিস্তিতে এই সহায়তা প্রদান করবে আইসিবিসি। তার মধ্যে প্রথম কিস্তি ইতোমধ্যে পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংকে এসে পৌঁছেছে।

দশকের পর দশক ধরে দেশের ক্ষমতাকাঠামোতে সামরিক বাহিনীর প্রাধান্য, দুর্নীতি, অপচয়-অপব্যায়ের জেরে ভয়াবহ রিজার্ভ সংকটে পড়েছে পাকিস্তান। কোনো দেশের অর্থনৈতিক ভারসাম্য রক্ষা করতে হলে কেন্দ্রীয় ব্যাংকে ৩ মাসের আমদানি ব্যায়ের সমপরিমাণ ডলারের মজুত থাকতে হয়, কিন্তু পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংকে যে পরিমাণ ডলারের মজুত আছে, তা দিয়ে বড়জোর দু’সপ্তাহের আমদানি ব্যয় মেটানো সম্ভব হবে।