নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২৩-০২-১৯ , ০৪:৩৪ পিএম
ছবি: নাগরিক পত্রিকা
দেশের বিভিন্ন জেলায় অভিযান চালিয়ে জন্মনিবন্ধন জালিয়াত চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে কাউন্টার টেরোরিজম চট্টগ্রাম ইউনিট। গত ১৬ ফেব্রুয়ারি থেকে ১৮ ফেব্রুয়ারি অব্দি টানা দু’দিন অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। এ সময় গ্রেফতারকৃতদের হেফাজত থেকে দুইটি সিপিইউ, দুইটি মনিটর, তিনটি ল্যাপটপ, একটি ট্যাব,একটি প্রিন্টার এবং ছয়টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনারের নির্দেশে কাউন্টার টেরোরিজম ইউনিটের একটি বিশেষ দল অভিযান চালিয়ে যাদের গ্রেফতার করেন তারা হলেন- মো. সাগর আহমেদ জোভান (২৩), শেখ সেজান (২৩), মেহেদী হাসান (২৩), শাকিল হোসেন (২৩) ও মাসুদ রানা (২৭)।
কাউন্টার টেরোরিজম ইউনিট জানায়, চট্টগ্রাম, নড়াইল, ঢাকা গাজীপুর ও সিরাজগঞ্জে টানা দু’দিন অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
এরআগে মো. জাহির আলম ও মোস্তাকিম নামে দুজনকে গ্রেফতার করে কাউন্টার টেরোরিজম ইউনিট সদস্যরা।
নগরীর দামপাড়াস্থ পুলিশ কমিশনার কার্যালয়ে (পিআর কনফারেন্স রুমে) রোববার এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য তুলে ধরা হয়।
এছাড়াও প্রেস রিলিজে পাঠানো তথ্যে জানা যায়, গত ৮ জানুয়ারি থেকে ২২ জানুয়ারি অব্দি চট্টগ্রাম নগরীর বিভিন্ন ওয়ার্ড কার্যালয়ের ৭৮২টি ভুয়া জন্ম নিবন্ধনের অস্তিত্ব খুঁজে পায় কাউন্টার টেরোরিজম চট্টগ্রাম ইউনিট সদস্যরা। এসব ভুয়া জন্ম নিবন্ধনের তথ্য পাওয়ার পর থেকে কাউন্টার টেরোরিজমের একটি বিশেষ দল তাদের গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ভুয়া জন্ম নিবন্ধন জালিয়াতি চক্রের ছয় সদস্যকে গ্রেফতার করে।
কাউন্টার টেরোরিজম ইউনিট জানায়, গ্রেফতারকৃত ওই ছয় সদস্যের মধ্যে দু’জন আদালতে ফৌজদারী কার্যবিধির ১৬৪ ধারায় মতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। পরে তাদের দেওয়া তথ্য মতে গত দু’দিন চট্টগ্রাম, নড়াইল, ঢাকা গাজীপুর ও সিরাজগঞ্জে টানা দু’দিন অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতার পাঁচজনের মধ্যে তিন জন হ্যাকার রয়েছে; যারা সরকারের জন্ম নিবন্ধন সার্ভার হ্যাক করে সংগৃহীত নাম-ঠিকানা নিয়ন্ত্রিত ওই সার্ভারে লিপিবদ্ধ করে জন্ম নিবন্ধন তৈরি করতেন।
কাউন্টার টেরোরিজমের এডিসি আসিফ মহিউদ্দিন জানায়, ভুয়া জন্ম নিবন্ধন জালিয়াতি চক্রের সদস্যরা দেশের বিভিন্ন জেলাতে একাধিক গ্রুপে রয়েছে। একটি সূত্র ধরে এর আগেরও চট্টগ্রাম নগরী বিভিন্ন এলাকা থেকে ছয়জনকে গ্রেফতার করা হয়।
তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই চক্রের সদস্যরা জানায়,এ অব্দি কয়েক হাজার ভুয়া জন্ম নিবন্ধন তৈরি করেছে। এক একটি জন্ম নিবন্ধন তারা ১২শ’ থেকে ১৫শ’ টাকায় বিক্রি করে। তাদের এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
গ্রেফতারকৃতদের কাছ থেকে উদ্ধারকৃত আলামত প্রাথমিকভাবে পরীক্ষা করে ভুয়া জন্ম নিবন্ধন সৃজনের সত্যতা পাওয়া গেলে তাদের বিরুদ্ধে চট্টগ্রাম নগরীর খুলশী থানায় দুইটি, হালিশহর থানা একটি এবং বন্দর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলে জানানো হয়।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.