৬০ হাজার লিটার তেল মিশছে নালা–খালে

চট্টগ্রামে তিনটি ওয়াগন লাইনচ্যুত

 নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২৩-০২-১৬ , ০১:২৭ পিএম

চট্টগ্রামে তিনটি ওয়াগন লাইনচ্যুত ছবি: নাগরিক পত্রিকা

ট্টগ্রাম নগরের হালিশহরে রেলওয়ের চট্টগ্রাম গুডস পোর্ট ইয়ার্ডে (সিজিপিওয়াই) তেলবাহী ট্রেনের তিনটি ওয়াগন লাইনচ্যুত হয়েছে। এর মধ্যে দুটি ওয়াগন থেকে প্রায় সব তেল পড়ে গেছে। ওয়াগন থেকে পড়ে যাওয়া তেল নালা-খাল হয়ে নদীতে মিশে যাওয়ার শঙ্কা দেখা দিয়েছে।

গতকাল বুধবার সন্ধ্যা সাতটার দিকে এ দুর্ঘটনা ঘটে। নগরের গুপ্তখাল এলাকায় অবস্থিত বিভিন্ন তেল কোম্পানি থেকে তেল ভর্তি করে ট্রেনটি সিজিপিওয়াইতে আসছিল। ইয়ার্ডে প্রবেশ করার মুহূর্তে লাইনচ্যুতির ঘটনা ঘটে।

রেলওয়ের কর্মকর্তারা জানান, ট্রেনটিতে ১৬টি ওয়াগন ছিল। একটি ওয়াগনের তেল ধারণক্ষমতা ৩০ হাজার লিটার। দুটি ওয়াগন থেকে প্রায় সব তেল পড়ে গেছে, অর্থাৎ ৬০ হাজার লিটার তেল পড়ে গেছে। বাকি ওয়াগন থেকেও তেল পড়ছে।

রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ডিটিও) তারেক মুহাম্মদ ইমরান বলেন, কী কারণে লাইনচ্যুতের ঘটনা ঘটেছে, তা তাৎক্ষণিকভাবে চিহ্নিত করা যায়নি। আর এই তেল রেলওয়ের নিজস্ব কাজে ব্যবহারের জন্য আনা হচ্ছিল। তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

সিজিপিওয়াইয়ের স্টেশনমাস্টার আবদুল খালেক বলেন, তেল পড়া রোধে তাৎক্ষণিকভাবে কোনো ব্যবস্থা নেওয়া যায়নি। এই তেল সিজিপিওয়াইয়ের পাশের খালে মিশে যাচ্ছে। ইয়ার্ডের খালটি নগরের মহেশখালের সঙ্গে যুক্ত হয়েছে। রাত ১১টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত লাইনচ্যুত ওয়াগনগুলো তোলা সম্ভব হয়নি।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ও হালদা নদী গবেষক মনজুরুল কিবরীয়া বলেন, তেল যদি খালের মাধ্যমে নদীতে ছড়িয়ে পড়ে, তাহলে পরিবেশ বিপর্যয়ের শঙ্কা রয়েছে।