আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ২০২৩-০২-১৪ , ০৭:২০ এএম
ছবি: নাগরিক পত্রিকা
সিরিয়া ও তুরস্কে স্মরণকালের ভয়াবহ ভূমিকম্পের এক সপ্তাহ পার হয়েছে। অষ্টমদিনে এসেও ধ্বংসস্তূপ থেকে লাশ বের করে আনছেন উদ্ধারকর্মীরা। সবশেষ আল-জাজিরার এক খবরে বলা হয়েছে, ভূমিকম্পে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৬ হাজার ২৫৩ জনে। তার মধ্যে তুরস্কে ৩১ হাজার ৬৪৩ এবং সিরিয়ায় চার হাজার ৬১৪।
এদিকে সিরিয়ায় প্রচণ্ড ঠান্ডার পাশাপাশি বিদ্রোহী অধুষ্যিত এলাকায় ত্রাণ ও উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে।
ভয়াবহ ভূমিকম্পে ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে করণীয় নিয়ে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী শেখ আব্দুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ান। রাজধানী দামেস্কে দুই জনের বৈঠক হয়। প্রথম কোনো দেশ হিসেবে সিরিয়ায় সহায়তা পাঠানোয় জায়েদকে ধন্যবাদ জানান প্রেসিডেন্ট আসাদ।
যুদ্ধ বিধ্বস্ত সিরিয়ায় ত্রাণ সহায়তা পৌঁছানো নিয়ে বেশ জটিলতা সৃষ্টি হয়েছে। বিশেষ করে বিদ্রোহী অধুষ্যিত এলাকায় নানা বাধা রয়েছে। উদ্ধারকারী দল এবং ত্রাণ সহায়তা পৌঁছাতে আসাদ সরকারের সহায়তা চেয়েছে পশ্চিমা দেশগুলো।
দুই ভূমিকম্পের পর প্রায় অর্ধশত আফটার শকের স্মৃতি এখন উদ্ধার পাওয়া তুর্কি ও সিরিয়ান নাগরিকদের মনে। সেই আতঙ্কের জেরে ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্কের প্রত্যন্ত সব এলাকা ছেড়ে পালাচ্ছেন মানুষ। কোনো রকমে প্রাণ বাঁচিয়ে তাঁরা নিরাপদ স্থানে যেতে চাইছেন।
ভূমিকম্প বিধ্বস্ত এলাকা থেকে দলে দলে চলে আসা দুর্গতদের জন্য তুরস্কের বিভিন্ন শহরের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের হোস্টেল খুলে দেওয়া হয়েছে। হাতায়, নুরদাগি, মারাশের মতো এলাকা থেকে হাজার হাজার মানুষ চলে আসছেন আঙ্কারা ও ইস্তামবুলে।
উল্লেখ্য, গত সোমবার (৬ ফেব্রুয়ারি) তুরস্ক-সিরিয়ার সীমান্তবর্তী অঞ্চলে ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ধসে গেছে কয়েক হাজার ঘর-বাড়ি। বাস্তচ্যুত লাখ লাখ মানুষ।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.