বিনোদন ডেস্ক
আপডেট: ২০২৩-০২-১৪ , ০৭:০৬ এএম
ছবি: নাগরিক পত্রিকা
চলচ্চিত্র সংশ্লিষ্ট ১৯টি সংগঠন একটি মতৈক্যে এসেছে যে হিন্দি সিনেমা বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি দিতে হবে। সেই হিসেবে দেশের প্রেক্ষাগৃহে হয়ত এ মাসেই মুক্তি পেতে পারে বিশ্বব্যাপী বক্স অফিসে ঝড় তোলা শাহরুখ খানের সিনেমা ‘পাঠান’।
রোববার বিকেলে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) দীর্ঘ আলোচনার পর তারা এ মতৈক্যে আসেন। এখন শুধু মন্ত্রণালয়ের অনুমতির অপেক্ষা।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন চলচ্চিত্র প্রদর্শক সমিতির সাধারণ সম্পাদক আওলাদ হোসেন উজ্জ্বল।
তিনি বলেন, ‘গতকাল মিটিংয়ে আমাদের অনেকগুলো বিষয়ে আলোচনা হয়েছে, অনেকগুলো বিষয়ে আমরা মতৈক্যে পৌঁছেছি। ভালো কিছু সিদ্ধান্ত এসেছে, এর মধ্যে অন্যতম একটা বাংলাদেশে হিন্দি সিনেমা মুক্তির বিষয়। দুই বছরে ২০টি হিন্দি সিনেমা আমাদের এখানে মুক্তি দিব, এমন সিদ্ধান্ত নিয়েছে আমাদের ১৯টি সংগঠন। সেটা ‘পাঠান’ দিয়েই শুরু হবে আশা করছি।’
এই সিদ্ধান্তগুলো নীতিমালা আকারে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং বাণিজ্য মন্ত্রণালয়ে জমা দেয়া হবে বলে জানান তিনি।
আওলাদ হোসেন উজ্জ্বল আরও বলেন, ‘আজ (মঙ্গলবার) মধ্যে হয়ত কাগজগুলো পৌঁছে যাবে মন্ত্রণালয়ে। এরপর তো আমাদের হাতে কিছু নেই, মন্ত্রণালয় ওকে করলেই যেকোনো সময় ‘পাঠান’ মুক্তি পাবে।’
এদিকে চলচ্চিত্র সংশ্লিষ্ট অনেকেই কানাঘুষা করছেন ২৪ ফেব্রুয়ারি দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘পাঠান’।
বিষয়টি নিয়ে কথা হয় পাঠান সিনেমার আমদানির আবেদনকর্তা পরিচালক অনন্য মামুনের সঙ্গে। তিনি বলেন, ‘আপনারা তো মিটিংয়ের বিষয়ে জেনেছেন তাদের কোনো আপত্তি নেই। এখন মন্ত্রণালয়ের অনুমতির অপেক্ষা।’
২৪ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে কিনা এমন প্রশ্ন তিনি বলেন, ‘যতক্ষণ পর্যন্ত কাগজ হাতে না পাচ্ছি ততক্ষণ পর্যন্ত কিছুই বলতে পারছি না। আমাদের সব প্রস্তুতি নেয়া আছে কাগজ হাতে পেলেই মুক্তি পাবে।’
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.