চট্টগ্রামে উন্মুক্ত স্থানে আয়োজন নিষিদ্ধ

 নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২২-১২-৩১ , ০৬:১৪ পিএম

চট্টগ্রামে উন্মুক্ত স্থানে আয়োজন নিষিদ্ধ ছবি: নাগরিক পত্রিকা

থার্টি ফার্স্ট নাইটে চট্টগ্রামে উন্মুক্ত স্থানে যেকোনো আয়োজন, সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান না করার নির্দেশ দিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। আজ (শনিবার) দুপুরে নগরীর নন্দনকানস্থ পুলিশ প্লাজায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার কৃষ্ণ পদ রায় এই নির্দেশ দেন।

এসময় সিএমপি কমিশনার বলেন, ইংরেজি নববর্ষকে ঘিরে চট্টগ্রামে উন্মুক্ত স্থানে কোনো ধরণের অনুষ্ঠান আয়োজন, সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান করা যাবে না। একইসঙ্গে সন্ধ্যা ৬টা থেকে পরদিন সকাল ১০টা পর্যন্ত পতেঙ্গা সী-বীচ এলাকায় অবস্থান করা যাবে না। 

থার্টি ফাস্ট নাইট উদযাপনে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ বদ্ধপরিকর বলে জানান তিনি। থার্টি ফার্স্ট নাইটে নিরাপত্তায় চট্টগ্রামের বিভিন্ন স্থানে চেকপোষ্ট স্থাপন, গুরুত্বপূর্ণ সড়ক ও স্থাপনায় টহল জোরদার এবং সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে বলে জানান সিএমপি কমিশনার।