২ মাসে ভারতের রপ্তানি চালের মূল্য সর্বনিম্ন

 আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ২০২২-১১-০৪ , ০৭:৪৮ এএম

২ মাসে ভারতের রপ্তানি চালের মূল্য সর্বনিম্ন ছবি: নাগরিক পত্রিকা

লতি সপ্তাহে ভারতের রপ্তানি চালের দাম ব্যাপক কমেছে। গত ২ মাসের মধ্যে যা সর্বনিম্ন। দেশটির মুদ্রা রুপির মান হ্রাস এবং খাদ্যপণ্যটির চাহিদা কমায় এ নিম্নমুখিতা সৃষ্টি হয়েছে। তবে থাইল্যান্ডে চালের মূল্য সামান্য বেড়েছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে।

বিশ্বের শীর্ষ চাল রপ্তানিকারক দেশ ভারত। এ সপ্তাহে দেশটির ৫ শতাংশ ভাঙা আধা সেদ্ধ প্রতি টন চাল বিক্রি হয়েছে ৩৭০ থেকে ৩৭৫ ডলারে। গত সপ্তাহে যার দর ছিল ৩৭৫ থেকে ৩৮৪ ডলার।  

ভারতের দক্ষিণাঞ্চলীয় অঙ্গরাজ্য অন্ধ্রপ্রদেশের কাকিনাদার এক রপ্তানিকারক জানান, আফ্রিকায় দেশটির চালের চাহিদা কমেছে। কারণ, নতুন মৌসুমের ফসল ওঠায় সে অঞ্চলে সরবরাহ বেড়েছে।

ভারতের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলীয় অঙ্গরাজ্যগুলোতে অতিরিক্ত বৃষ্টির কারণে ধানের ক্ষতি হয়েছে। উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ, অন্ধ্রপ্রদেশে ব্যাপক নষ্ট হয়েছে। ফলে প্রত্যাশার তুলনায় চাল উৎপাদন কম হবে বলে আশঙ্কা করা হচ্ছে। 

এ সপ্তাহে থাইল্যান্ডের ৫ শতাংশ ভাঙা চাল টনপ্রতি বিক্রি হয়েছে ৪০৫ থেকে ৪১০ ডলারে। গত সপ্তাহে যার দাম ছিল ৪০৫ ডলার।

ব্যবসায়ীরা বলছেন, চালের সরবরাহ বৃদ্ধির পর চাহিদা কমেছে। বন্যায় ফসলের সামান্য ক্ষতি হয়েছে। পানি ধীরে ধীরে কমছে। এতে সাপ্লাই চেইন ঠিক আছে।
ব্যাংকক-ভিত্তিক ব্যবসায়ী বলছেন, থাইল্যান্ডের উত্তর-পূর্বাঞ্চল থেকে চাল বাজারে আসছে।

তবে এ সপ্তাহে ভিয়েতনামের ৫ শতাংশ ভাঙা চালের দর অপরিবর্তিত রয়েছে। পরিবহন খরচসহ টনপ্রতি বিক্রি হয়েছে ৪২৫ থেকে ৪৩০ ডলারে।

হো চি মিন সিটির এক ব্যবসায়ী বলেন, ডলারের বিপরীতে ডংয়ের মূল্য হ্রাস পেয়েছে ৮ শতাংশ। এতে আরও  চাল রপ্তানি করতে উৎসাহিত হচ্ছেন রপ্তানিকারকরা।