অবৈধ সম্পদ অর্জন: ডিআইজি প্রিজনসের পাঁচ বছর কারাদণ্ড

 নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২২-১০-২৩ , ০৪:৪৬ পিএম

অবৈধ সম্পদ অর্জন: ডিআইজি প্রিজনসের পাঁচ বছর কারাদণ্ড ছবি: নাগরিক পত্রিকা

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে কারা কর্তৃপক্ষ থেকে বরখাস্ত হওয়া ডিআইজি প্রিজনস বজলুর রশিদকে ৫ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে ৫ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডের আদেশ দেয়া হয়েছে।

রোববার ঢাকার বিশেষ জজ আদালত-৫-এর বিচারক মো. ইকবাল হোসেন এ রায় দেন। গত ২২ সেপ্টেম্বর যুক্তিতর্ক উপস্থাপন শেষে একই আদালত মামলার রায় ঘোষণার আজকের তারিখ নির্ধারণ করেছিলেন।

প্রায় তিন বছর আগে ২০১৯ সালের ২৮ অক্টোবর দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের অংশ হিসেবে বজলুর রশীদকে গ্রেফতার করে দুদক। পরে তার বিরুদ্ধে মামলা করে দুদক। আসামির বিরুদ্ধে জ্ঞাত আয়ের বাইরে ৩ কোটি ৮ লাখ টাকার সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।

এরআগে, অভিযোগকারীসহ প্রসিকিউশনের ১৪ সাক্ষীর জবানবন্দি রেকর্ড করা হয়। ২০২০ সালের ২২ অক্টোবর আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে আদালত।

অভিযোগপত্রে বলা হয়, বজলুর রশীদ রূপায়ণ হাউজিং স্টেট থেকে ঢাকার সিদ্ধেশ্বরী রোডের ৫৫/১ (পুরোনো) ৫৬/৫৭ (নতুন) নির্মাণাধীন স্বপ্ন নিলয় প্রকল্পের ২ হাজার ৯৮১ বর্গফুট আয়তনের একটি অ্যাপার্টমেন্ট কেনেন। এর মধ্যে তিনি অ্যাপার্টমেন্টের মূল্য বাবদ পরিশোধিত ৩ কোটি ৮ লাখ টাকা জ্ঞাত আয় উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ।

এই অ্যাপার্টমেন্ট ক্রয় বাবদ বজলুর রশীদ যে টাকা পরিশোধ করেছেন, তার সপক্ষে কোনো বৈধ উৎস দেখাতে পারেননি। তিনি অ্যাপার্টমেন্টের ক্রয়সংক্রান্ত কোনো তথ্য তার আয়কর নথিতে ঘোষণা দেননি।