সর্বোচ্চ আয়ের পাঁচ সিনেমার চারটিই দক্ষিণের

 বিনোদন ডেস্ক
আপডেট: ২০২২-১০-২০ , ০৬:০১ এএম

সর্বোচ্চ আয়ের পাঁচ সিনেমার চারটিই দক্ষিণের ছবি: সিটিজেন নিউজ

ভারতীয় সিনেমার ক্ষেত্রে বাণিজ্যিক সাফল্যে ঘোড়া ছোটাচ্ছে দক্ষিণ ভারত। দক্ষিণী সিনেমাগুলো যে হারে ব্যবসা করছে, বলিউডের পক্ষে তা সম্ভব হচ্ছে না। এ বছর বক্স অফিসে দাপট দেখাচ্ছে দক্ষিণ ভারতীয় সিনেমা। ভারতের অভ্যন্তরীণ বক্স অফিস থেকেই এ সাফল্য আসছে। তবে ভারতের বাইরেও পিছিয়ে নেই দক্ষিণ ভারতীয় সিনেমা।

এসএস রাজামৌলির আরআরআর যাচ্ছে অস্কারে। বক্স অফিসেও তার ও অন্যান্য দক্ষিণী সিনেমার বাজার ভালো। কেজিএফ টু সে প্রমাণ রেখেছে। একইভাবেব্যবসা করেছে কমল হাসানের বিক্রম। সম্প্রতি আরো ভালো ব্যবসা করেছে মণি রত্নমের পোনিয়িন সেলভান। যুক্তরাষ্ট্রের বক্স অফিসে তামিল সিনেমার মধ্যে সর্বোচ্চ আয় করেছে এ সিনেমা। বলিউডেরসিনেমা যখন তাদের ব্যর্থতার কারণ খুঁজতে ব্যস্ত, দক্ষিণের সিনেমা ব্যবসা করে যাচ্ছে। ২০২২ সালে এ পর্যন্ত মুক্তি পাওয়া সেরা পাঁচ ব্যবসাসফল সিনেমার চারটিই দক্ষিণ ভারতের।

তালিকার প্রথম দুই অবস্থানে আছে এসএস রাজামৌলির আরআরআর এবং প্রশান্ত নীলের কেজিএফ: চ্যাপ্টার টু। দুটো সিনেমারই আয় ১ হাজার কোটি রুপির ওপরে। লম্বা সময় ধরে বক্স অফিস ও এর বাইরেও আয় করেছে সিনেমা দুটি। তবে বক্স অফিসের হিসাব বলছে, কেবল দেশে বিদেশে টিকিট বিক্রি থেকেই আয় হয়েছে হাজার কোটি টাকা। তালিকায় আছে কমল হাসানের বিক্রম।সিনেমাটি মুক্তির পরপরই তুমুল জনপ্রিয় হয় এবং ব্যবসা করতে শুরু করে। তামিলনাড়ুতেই সিনেমাটি আয় করে প্রায় ২০০ কোটি রুপি। সেপ্টেম্বরের ৩০ তারিখ মুক্তি পাওয়া পোনিয়িন সেলভান এ রেকর্ড ভেঙে দেয়। তবে বিক্রমের আয় প্রায় ৪৫০ কোটি এবং তা ব্রহ্মাস্ত্র থেকে বেশি।

বলিউডে এ বছর একমাত্র আশার আলো দেখিয়েছে অয়ন মুখার্জীর ব্রহ্মাস্ত্র। সিনেমাটি আয় করেছে ৪২৫ কোটি রুপির কিছু বেশি। আর ওদিকে কমল হাসানের বিক্রমের আয় ছাড়িয়ে গিয়েছে পোনিয়িন সেলভান। সিনেমাটি মাত্র ১২ দিনেই আয় করে নিয়েছে ৪০০ কোটি রুপি। ১৭ দিনের মাথায় ৪৫০ কোটি রুপি আয় করে পেছনে ফেলে দিয়েছে বিক্রমকে। সিনেমাটির অবস্থান তাই সেরা পাঁচের তৃতীয় অবস্থানে। অচিরেই এটি ৫০০ কোটি রুপি আয় করে ফেলবে। সে হিসেবে তালিকায় একমাত্র বলিউড সিনেমা ব্রহ্মাস্ত্র।

কেবল বিগ বাজেটের সিনেমাই নয়। ভালো ব্যবসা করছে কম বাজেটের সিনেমাও। ধানুষের ফ্যামিলিড্রামা থিরুচিত্রাম্বালাম আয় করে নিয়েছিল ১০০ কোটি রুপি। প্রায় অসম্ভব একটি ব্যাপার ছিল এমন অ্যাকশনহীন সিনেমার আয়। সিনেমাটি সমালোচকদের কাছ থেকে ভালো রিভিউ পেয়েছে। এমকি কমবাজেটের কন্নড় সিনেমা কানতারাও ভালো ব্যবসা করেছে। ১৭ দিনে সিনেমাটি তুলেছে ১০০ কোটি রুপি। দক্ষিণের জয়রথ চলছেই। তাই নিজেদের সিনেমা নিয়ে বলিউডের নতুন করে ভাবা প্রয়োজন। সূত্র: দি ইন্ডিয়ান এক্সপ্রেস