বিনোদন ডেস্ক
আপডেট: ২০২১-১১-১২ , ০৮:৫৬ পিএম
ছবি: সিটিজেন নিউজ
শুক্রবার দুপুর থেকে মুক্তি পেয়েছে আলোচিত চলচ্চিত্র রেহানা মারিয়ম নূর। বিদেশের দর্শকের প্রশংসা কুড়ানো এই চলচ্চিত্র এবার প্রদর্শিত হচ্ছে দেশের প্রেক্ষাগৃহগুলোতে। কান চলচ্চিত্র উৎসবে আলোড়ন তুলেছিল প্রতিবাদী এই চলচ্চিত্র। এছাড়া, আবদুল্লাহ মোহাম্মদ সাদের ‘রেহানা মরিয়ম নূর’ অস্কারের আন্তর্জাতিক বিভাগে নির্বাচিত হয়েছে বাংলাদেশ থেকে।
চলচ্চিত্রটির নায়িকা আজমেরী হক বাঁধন বলেন, আমাদের কোন স্পেশাল স্ক্রিনিং ও প্রিমিয়ার ওভাবে হচ্ছেনা। সিনেমাটির পরিচালক আবদুল্লাহ মোহাম্মদ সাদ বলেছেন, তার কাছে সেই মানুষটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সিনেমাটি টিকিট কেটে দেখবে।
ছবিটি প্রথম সপ্তাহে ঢাকার ব্লকবাস্টার সিনেমাস (যমুনা ফিউচার পার্ক), স্টার সিনেপ্লেক্স (বসুন্ধরা সিটি), স্টার সিনেপ্লেক্স (মিরপুর), শ্যামলী সিনেমা (শ্যামলী), মধুমিতা (মতিঝিল) এবং সেনা অডিটোরিয়াম (সাভার) হলে সিনেমাটি দেখা যাবে।
এছাড়া সিনেমাটি মুক্তি পাচ্ছে চট্টগ্রামের সুগন্ধা (কাজির দেউড়ি) ও সিলভার স্ক্রিন (নাসিরাবাদ), নারায়ণগঞ্জের সিনেস্কোপ (চুনকা লাইব্রেরি) এবং বগুড়ার মধুবন (চেলোপাড়া) সিনেমা হলে।
আজমেরী হক বাঁধন আরও বলেন, আমি আশা করবো আপনারা সবাই হলে এসে সিনেমাটি দেখবেন। আমি আপনাদের সাথে বসে সিনেমাটি দেখতে চাই যদিও ওটা আমার জন্য অনেক কঠিন। তারপরও আমি চেষ্টা করবো হলে হলে গিয়ে আপনাদের সঙ্গে সিনেমাটি দেখতে। আশা করি সিনেমাটি অনেকদিন চলবে। আর দেশের সিনেমার পাশে থাকুন সবসময়।
নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদমুখর চলচ্চিত্রটি দেশের দর্শকদের প্রশংসা কুড়াবে দর্শকদের এমন আশাই করছেন সংশ্লিষ্টরা।
রেহানা মরিয়ম নূর টিম এর এক সদস্য বলেন, আপনারা সবাই আমাদের সঙ্গে থাকেন। এই ছবিটা শুধু আমাদের ছবি না। এটি সম্পূর্ণ দেশের ছবি।
‘রেহানা মরিয়ম নূর’ সিনেমার গল্প আবর্তিত হয়েছে মেডিক্যাল কলেজের একজন সহকারী অধ্যাপককে ঘিরে। যিনি পরিবার ও কর্মস্থল সামলাতে গিয়ে বেশ জটিল জীবনযাপন করেন। এখানে নাম ভূমিকায় অভিনয় করেছেন আজমেরী হক বাঁধন। এছাড়াও সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সাবেরী আলম, আফিয়া জাহিন জায়মা, আফিয়া তাবাসসুম বর্ণ, কাজী সামি হাসান, ইয়াছির আল হক, জোপারি লুই, ফারজানা বীথি, জাহেদ চৌধুরী মিঠু, খুশিয়ারা খুশবু অনি, অভ্রদিত চৌধুরী প্রমুখ।
বিশ্ব চলচ্চিত্রের মর্যাদাপূর্ণ উৎসব কান ফেস্টিভ্যালের ৭৪তম আসরে সম্মানজনক স্থান পায় রেহানা মরিয়ম নূর। প্রথমবারের মতো বাংলাদেশি চলচ্চিত্র হিসেবে অফিসিয়াল সিলেকশন বিভাগ ‘আঁ সার্তে রিগা’-তে স্থান পেয়ে ইতিহাস গড়ে সিনেমাটি।
এরপর মেলবোর্ন চলচ্চিত্র উৎসব, বিএফআই লন্ডন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, হংকং এশিয়া চলচ্চিত্র উৎসব, বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, সিডনি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবসহ মোট ১৩টি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে ‘রেহানা মরিয়ম নূর’।
সম্প্রতি এশিয়া প্যাসিফিক স্ক্রিন অ্যাওয়ার্ডসে (অ্যাপসা) সেরা চলচ্চিত্রের পুরস্কার পেয়েছে ‘রেহানা মরিয়ম নূর’। আর সিনেমা অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন আজমেরী হক বাঁধন।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.