ভোটার আইডি না থাকলেও নেয়া যাবে টিকা

 স্বাস্থ্যসেবা ডেস্ক
আপডেট: ২০২১-১১-০৭ , ০৭:৪৮ এএম

ভোটার আইডি না থাকলেও নেয়া যাবে টিকা ছবি: সিটিজেন নিউজ

যাদের ভোটার আইডি কার্ড নেই তারাও টিকা নিতে পারবেন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। যারা এখনও টিকা নেননি তাদের সবার জন্যই টিকার ব্যবস্থা করা হয়েছে। রেজিষ্ট্রেশন না থাকলেও ভোটার আইডি কার্ড নিয়ে টিকা কেন্দ্রে গেলেই টিকা নেওয়া যাবে বলেও জানান তিনি।

শনিবার (৬ নভেম্বর) দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া শুভ্রসেন্টারে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সাটুরিয়া উপজেলা আওয়ামীলীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

এসময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, এখনো দেশে করোনা আছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আমরা কাজ করে যাচ্ছি। করোনা আমাদের নিয়ন্ত্রনের মধ্যে চলে এসেছে। করোনা নিয়ন্ত্রনে টিকার একটি বড় ভূমিকা রয়েছে।

তিনি আরও বলেন, করোনা নিয়ন্ত্রন না হলে দেশের অর্থনীতির চাকা স্থবির হয়ে যাবে, লেখাপড়া, স্বাস্থ্যসেবাসহ উন্নয়ন কর্মকাণ্ড বন্ধ হয়ে যাবে। আমাদের দেশে করোনায় মৃত্যুর হার অনেক দিন ধরেই সিঙ্গেল ডিজিটে নেমে এসেছে। আমেরিকা দুই হাজার, রাশিয়া ১২ থেকে ১৩শ,  ইউরোপে চার থেকে পাঁচশ ও ভারত দুই থেকে তিনশজন প্রতিদিন করোনায় মারা যাচ্ছেন। আমাদের এখন টিকা নেওয়ার পাশাপাশি সকল ক্ষেত্রে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। তাহলেই একদিন আমাদের দেশে করোনা শূণ্যের কোঠায় নেমে আসবে।