আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ২০২১-১১-০২ , ০৮:৩৪ পিএম
ছবি: সিটিজেন নিউজ
চলতি বিশ্বকাপের সুপার টুয়েলভে নিজেদের চতুর্থ ম্যাচে শক্তিশালী দক্ষিণ আফ্রিকার মুখোমুখি বাংলাদেশ। যে ম্যাচে সাকিবের বদলে বিশ্বমঞ্চে অভিষেক হচ্ছে অলরাউণ্ডার শামীম হোসাইনের। আবু ধাবীতে বাংলাদেশ সময় বিকাল ৪টায় শুরু হওয়া এই ম্যাচটিসহ শেষ দুই ম্যাচ জিতে নতুন ইতিহাস গড়তে চান বলেই ঘোষণা দিয়েছেন টাইগার কোচ রাসেল ডমিঙ্গো।
সেই লক্ষ্যে টস করতে নেমে অবশ্য হেরে যান টাইগার অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। অর্থাৎ টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টেম্বা বাভুমা। যার ফলে আগে ব্যাটিংয়ে নামতে হয় বাংলাদেশ দলকে।
তবে প্রোটিয়া বোলারদের তোপের মুখে মাত্র ৮৪ রানেই গুটিয়ে গেছে টাইগাররা। ১০ বল বাকি থাকতেই। দলের পক্ষে সর্বোচ্চ ২৭ রান আসে আট নম্বরে নামা মাহেদী হাসান। এছাড়া দ্বিতীয় সর্বোচ্চ ২৪ রান করে আউট হন লিটন দাস। আর তৃতীয় সর্বোচ্চ ১১ রান আসে বিশ্বকাপে অভিষিক্ত শামিমের ব্যাট থেকে। বাকিদের মধ্যে পাঁচজনই আউট হন শূন্য রানে।
প্রোটিয়া বোলারদের মধ্যে ৩টি করে উইকেট নেন কাগিসো রাবাদা ও এনরিক নরকিয়া। ১৯তম ওভারের প্রথম দুই বলে মাহেদী ও নাসুমকে আউট করে পরের ম্যাচে হ্যাটট্রিকের সম্ভাবনাও তুলে রেখেছেন মাত্র ৮ রান দেয়া নরকিয়া। এছাড়া শামসি দুটি ও প্রিটোরিয়াস একটি উইকেট লাভ করেন।
এর আগে ২২ বলে ২২ রান তুলে শুরুটা করলেও পরের দুই বলেই নাঈম ও সৌম্যকে ফিরিয়ে টাইগার শিবিরে জোড়া আঘাত হানেন রাবাদা। টানা দুই বলে দুই উইকেট নিয়ে হ্যাটট্রিকের আশা জাগান এই পেসার।
এরপর নিজের তৃতীয় ওভারে এসে হ্যাটট্রিক পূরণ করতে না পারলেও দুই বল খেলা মুশফিককে ফিরিয়ে ঠিকই তিন উইকেট তুলে নেন রাবাদা। যাতে ২৪ রানেই ৩ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। সেখান থেকে দলকে টেনে তোলাটাই যেখানে মূখ্য কাজ, তা না করে উল্টো উইকেট বিলিয়ে দিয়ে আসেন অধিনায়ক মাহমুদুল্লাহ ও আফিফ হোসাইন।
যাতে মাত্র ৩৪ রানেই ইনিংসের অর্ধেকটা খুইয়ে ধুঁকতে থাকে বাংলাদেশ। যেখান থেকে পরের পাঁচ উইকেটে আরও ৫০ রান যোগ করতে পারেন লিটন-মাহেদীরা।
এ ম্যাচে ইনজুরিতে ছিটকে যাওয়া সাকিবের পরিবর্তে একাদশে এসেছেন তরুণ অলরাউণ্ডার শামীম হোসাইন। এ ম্যাচ দিয়েই বিশ্বকাপে অভিষেক হচ্ছে তার। এছাড়া বাদ পড়েছেন কাটার মাস্টার মুস্তাফিজও। তাঁর বদলে একাদশে এসেছেন স্পিনার নাসুম আহমেদ।
অন্যদিকে অপরিবর্তিত একাদশ নিয়েই ফিল্ডিংয়ে নামছে দক্ষিণ আফ্রিকা দল। এছাড়া, ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর পর এই প্রথম সাকিবকে ছাড়াই বিশ্বকাপ ম্যাচ খেলতে নামছে বাংলাদেশ। সেইসঙ্গে মুস্তাফিজের অনুপস্থিতিও দলকে ভোগাবে বলেই মনে করছেন অনেকে।
বাংলাদেশ একাদশ:
মোহাম্মদ নাঈম, সৌম্য সরকার, লিটন দাস (উইকেটরক্ষক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসাইন, শামীম হোসাইন, মাহেদী হাসান, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, নাসুম আহমেদ।
দক্ষিণ আফ্রিকা একাদশ:
কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), রিজা হেন্ড্রিকস, রাসি ফন ডার ডুসেন, টেম্বা বাভুমা (অধিনায়ক), এইডেন মার্করাম, ডেভিড মিলার, ডোয়াইন প্রিটোরিয়াস, কাগিসো রাবাদা, কেশব মহারাজ, অ্যানরিক নরকিয়া, তাবারাইজ শামসি।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.