নাছির-নওফেল দ্বন্দ্বেই চমেকে অস্থিরতা

 নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২১-১১-০২ , ০৬:০৪ এএম

নাছির-নওফেল দ্বন্দ্বেই চমেকে অস্থিরতা ছবি: সিটিজেন নিউজ

আওয়ামী লীগের দুই নেতার অনুসারীদের মুখোমুখি অবস্থানে অস্থির চট্টগ্রাম মেডিকেল কলেজ ক্যাম্পাস। গেল এক বছরে অন্তত দশবার সংঘর্ষে জড়িয়েছে ছাত্রলীগের দুই পক্ষ। দফায় দফায় বৈঠকের পরও আসছে না সমাধান।

সবশেষ সংঘর্ষের জন্য অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে মেডিকেল কলেজ ও ছাত্রাবাস।

আওয়ামী লীগের মহানগর সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছিরের অনুসারী হিসেবে পরিচিত ছাত্রলীগের একটি পক্ষ দীর্ঘদিন ধরে সক্রিয় চট্টগ্রাম মেডিকেল কলেজে।

গত বছর আ জ ম নাছির সিটি মেয়রের পদ থেকে চলে যাওয়ার পর ক্যাম্পাসে সক্রিয় হয় আরো একটি পক্ষ। তারা পরিচিত শিক্ষা-উপমন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী নওফেলের অনুসারী হিসেবে। ক্যাম্পাসে আধিপত্য নিয়ে দফায় দফায় সংঘর্ষে জড়ায় ছাত্রলীগের দুই পক্ষ।

গত এপ্রিলে সংঘর্ষের কারণে বন্ধ ছিল মেডিকেল কলেজ হাসপাতালে ইর্ন্টান চিকিৎসকদের সেবা প্রদান। সবশেষ শুক্রবার রাতে সংঘাতে জড়ায় দুই পক্ষ।

উত্তপ্ত মেডিকেল কলেজ ক্যাম্পাসে বিপাকে আছেন সাধারণ শিক্ষার্থীরা। করোনায় শিক্ষাবর্ষে পিছিয়ে পড়ে আবার এ ধরনের সংঘাতে হতাশাই বাড়ছে তাদের।

দুই পক্ষের সঙ্গে দফায় দফায় বৈঠকের পরও পরিস্থিতি সামাল দিতে পারছে না কর্তৃপক্ষ।

বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজে অধ্যয়নরত শিক্ষার্থী প্রায় ১২শ। দেড় মাস আগে তিন শিক্ষাবর্ষে শ্রেণি কার্যক্রম চালু হলেও চলমান পরিস্থিতিতে আবার তা অনিশ্চিত হয়ে পড়েছে।