সবার আগে সেমিফাইনালে ইংল্যান্ড

 খেলাধুলা ডেস্ক
আপডেট: ২০২১-১১-০২ , ০৫:৫৮ এএম

সবার আগে সেমিফাইনালে ইংল্যান্ড ছবি: সিটিজেন নিউজ

টানা চতুর্থ ম্যাচ জিতে সবার আগে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করল ইংল্যান্ড। জোস বাটলারের সেঞ্চুরি আর বোলারদের নৈপুন্যে ভর করে শ্রীলঙ্কাকে ২৬ রানে হারায় ইংলিশরা। এদিকে ৪ ম্যাচের একটিতে জিতে এবারের বিশ্বকাপ থেকে প্রায় ছিটকে গেলো শ্রীলঙ্কা। 

সোমবার (১ নভেম্বর) বাংলাদেশ সময় রাত আটটায় সংযুক্ত আরব আমিরাতের শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয় দল দুইটি। 

টসে হেরে ম্যাচের প্রথমে ব্যাট করা ইংল্যান্ড নির্ধারতি ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৬৩ রান করে। জবাবে ব্যাট করতে নেমে ১৯ ওভারে ১৩৭ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কা।

১৬৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট খায় শ্রীলঙ্কা। নিয়মিত বিরতিতে উইকেট হারায় র‍্যাটাররা। ষষ্ঠ উইকেট জুটিতে অধিনায়ক দাসুন শানাকা ও ওয়ানিন্দু হাসারাঙ্গা ৫৩ রান করলেও তা কাজে লাগাতে পারেনি। 

ইংলিশ বোলারদের মধ্যে আদিল রশিদ, ক্রিস জর্ডান ও মঈন আলী ২টি করে উইকেট পান। 

এর আগে প্রথমে ব্যাট করতে নেমে জস বাটলারের অসাধারণ ব্যাটিংয়ে ভর করে বড় লিড সংগ্রহ করে ইংল্যান্ডের। ৯৫ রানে অপরাজিত থাকা এই ব্যাটার ইনিংসের শেষ বলে ছক্কা হাঁকিয়ে এবারের আসরের ও আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ব্যক্তিগত প্রথম সেঞ্চুরি তুলে নেন। 

শ্রীলঙ্কান বোলার ওয়ানিন্দু হাসারাঙ্গার শুরুতেই ইংলিশ ওপেনার জেসন রয়কে ৯ রানে বোল্ড করার পর শূন্য রানে ফেরান জনি বেয়ারস্টোকে। মাঝে দুশমন্থ চামিরার বলে বোল্ড হন ডেভিড মালান। 

তবে চতুর্থ উইকেট জুটিতে ঘুরে দাঁড়ায় ইংলিশরা। অধিনায়ক ইয়ান মরগানকে সঙ্গে নিয়ে ৬টি চার ও ৬টি ছক্কায় ৬৭ বলে ১০১ রান করেন জস অপরাজিত বাটলার। ৪০ রান করা মরগান শেষ পর্যন্ত হাসারাঙ্গার তৃতীয় শিকারে পরিণত হলেও দৃঢ়তায় দাঁড়িয়ে থেকে ম্যাচসেরা হন বাটলার। 

এর আগের তিন ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ, বাংলাদেশ এবং অস্ট্রেলিয়া হারায় ইংলিশরা।