শ্রীলঙ্কাকে ৪ উইকেটে হারাল দক্ষিণ আফ্রিকা

 খেলাধুলা ডেস্ক
আপডেট: ২০২১-১০-৩০ , ১০:০৯ পিএম

শ্রীলঙ্কাকে ৪ উইকেটে হারাল দক্ষিণ আফ্রিকা ছবি: সিটিজেন নিউজ

শ্রীলঙ্কার দেয়া ১৪৩ রানের টার্গেট তাড়া করে ৪ উইকেটে জয় তুলে নিল দক্ষিণ আফ্রিকা। ব্যাটিংয়ে নেমে ১ উইকেটে ৬১ রান করা শ্রীলংকা এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে। দলের এমন ব্যাটিং বিপর্যয়ের দিনে একাই লড়াই চালিয়ে যান ওপেনার পাথুম নিশাঙ্কা।

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বের নিজেদের প্রথম দুই ম্যাচে ২৪ ও ৭ রানে আউট হওয়া এ ওপেনার শনিবার দলের প্রয়োজনে দায়িত্বশীলতার পরিচয় দেন। 

ইনিংসের শুরুতে ব্যাটিংয়ে নেমে খেলেন ১৯তম ওভার পর্যন্ত। ১৮.৪ ওভারে ডুয়াইন পিটুরিয়াসের বলে বাউন্ডারি হাঁকাতে গিয়ে ক্যাচে পরিনত হন নিশাঙ্কা। দলীয় ১৩১/৭ রানে সাজঘরে ফেরার আগে ৫৮ বলে ৬টি চার ও তিন ছক্কায় দলীয় সর্বোচ্চ ৭২ রান করেন। 

এছাড়া ২১ রান করেন তিন নম্বর পজিশনে ব্যাটিংয়ে নামা চারিথ আসালঙ্কা। ১২ বলে ১১ রান করে ফেরেন অধিনায়ক দাসুন শানাকা।

শারজা ক্রিকেট স্টেডিয়ামেই নেমেছিল দক্ষিণ আফ্রিকা-শ্রীলঙ্কা। টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের ম্যাচে নির্ধারিত ২০ ওভারে ১৪২ রানে অলআউট হয় লঙ্কানরা। শ্বাসরুদ্ধকর এই ম্যাচে মিলার ঝড়ে ১ বল আগে ৬ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে প্রোটিয়ারা।