জোরারগঞ্জে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

 নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২১-১০-১৪ , ১০:০৫ পিএম

জোরারগঞ্জে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা ছবি: সিটিজেন নিউজ

চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানা এলাকায় একই পরিবারের তিনজনকে গলা কেটে হত্যার ঘটনা ঘটেছে। বুধবার গভীর রাতে উপজেলার জোরারগঞ্জ থানার জোরারগঞ্জ ইউনিয়নের নতুন বাজার এলাকার মোস্তফা সওদাগর বাড়িতে এ ঘটনা ঘটেছে।

জোরারগঞ্জ থানা পুলিশ ঘটনাটির সত্যতা নিশ্চিত করলেও ঘটনার কারণ জানাতে পারেনি।

নিহতরা হলেন- নতুন বাজারের ব্যবসায়ী মোস্তফা সওদাগর (৭১), তার স্ত্রী জোসনা আক্তার (৫৫) ও তাদের ছেলে আহমদ হোসেন (২৫)।

এ ঘটনায় জড়িত সন্দেহে বৃহস্পতিবার সকালে ওই পরিবারের বড় ছেলে সাদ্দামকে (২৭) আটক করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বুধবার দিবাগত গভীর রাতের কোনো এক সময় নতুন বাজার এলাকার মোস্তফা সওদাগরের বাড়িতে তিনজনকে হত্যা করা হয়েছে। খুনিরা ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে তাদের হত্যা করে।

জোরারগঞ্জ থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর হোসেন মামুন একই পরিবারের তিনজনকে হত্যার ঘটনা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আমরা ঘটনার মোটিভ জানার চেষ্টা করছি। বিস্তারিত পরে জানানো হবে।